আগেরই পদেই থাকছেন ৩ বিভাগীয় কমিশনার ও ২০ ডিসি
পদোন্নতি পাওয়া তিন বিভাগীয় কমিশনার ও ২০ জেলা প্রশাসককে আগের পদেই পদায়ন করেছে সরকার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা আদেশে এদের পদায়ন করা হয়।
স্থায়ী পদ না থাকলেও উপ-সচিব, যুগ্ম-সচিব এবং অতিরিক্ত সচিবের তিন স্তরে সোমবার একসঙ্গে ৮৭৩ কর্মকর্তাকে পদোন্নতি দেয় সরকার।
অতিরিক্ত সচিব হিসাবে পদোন্নতি পেলেও রাজশাহী, খুলনা ও সিলেটের বিভাগীয় কমিশনার যথাক্রমে হেলাল উদ্দিন আহমেদ, আব্দুস সামাদ ও মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদকে আগের পদেই পদায়ন করা হয়েছে।
সোমবার পদোন্নতি দিয়ে এদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল।
উপ-সচিব থেকে যুগ্ম-সচিব হিসাবে পদোন্নতি পাওয়া ঢাকার ডিসি মো. তোফাজ্জল হোসেন মিয়া, শরিয়তপুরের ডিসি রামচন্দ্র দাশ, রাজশাহীর ডিসি মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, গাজীপুরের ডিসি মো. নুরুল ইসলামকে আগের পদেই পদায়ন করা হয়েছে।
মেহেরপুরের ডিসি মো. মাহমুদ হোসেন, চাঁপাইনবাবগঞ্জের ডিসি মোহাম্মদ জাহাংগীর কবীর, বরগুনার ডিসি মীর জহুরুল ইসলাম, শেরপুরের ডিসি মোহাম্মদ জাকির হোসেন, ভোলার ডিসি মো. সেলিম রেজা, খুলনার ডিসি মো. মোস্তফা কামাল, সিলেটের ডিসি মো. শহিদুল ইসলাম, কুড়িগ্রামের ডিসি এবিএম আজাদকেও আগের পদেই পদায়ন করেছে সরকার।
এছাড়া যুগ্ম-সচিব হিসাবে পদোন্নতি পাওয়া নেত্রকোণার ডিসি তরুণ কান্তি শিকদার, ঝালকাঠির ডিসি মো. শাখাওয়াত হোসেন, চুয়াডাঙ্গার ডিসি মো. দেলোয়ার হোসাইন, নড়াইলের ডিসি এ গফফার খান, নাটোরের ডিসি মো. মশিউর রহমান, পটুয়াখালীর ডিসি অমিতাভ সরকার, গাইবান্ধার ডিসি মো. এহছান ই এলাহী এবং ফেনীর ডিসি মো. হুমায়ুন কবীর খন্দকারকেও আগের পদেই পদায়ন করা হয়েছে।
