২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হতাশা কাটাতে’ জনপ্রশাসনে পদোন্নতি

জনপ্রশসানে ‘হতাশা কাটাতেই’ একসঙ্গে ৮৭৩ কর্মকর্তার পদোন্নতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শহীদুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 05:09 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

আর পদোন্নতি পাওয়া কর্মকর্তারা বলছেন, এতে প্রশাসনের কাজেও গতি আসবে।

স্থায়ী পদ না থাকলেও উপ-সচিব, যুগ্ম-সচিব এবং অতিরিক্ত সচিব পর্যায়ের তিন স্তরে সোমবার একসঙ্গে এই পদোন্নতি দেয় সরকার। যারা পদোন্নতি পেয়েছেন তাদের পদচারণায় মঙ্গলবার সকাল থেকেই ব্যতিব্যস্ত হয়ে ওঠে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তারা সচিবের কক্ষে গিয়ে হাসিমুখে ধন্যবাদ-কৃতজ্ঞতা জানান। শত শত কর্মকর্তার আনাগোনায় সারাদিন সরগরম সচিবের কক্ষ। 

অন্যদিকে পদোন্নতি না পাওয়া কর্মকর্তাদের কয়েকজন রাতেই ‘বঞ্চনার’ কথা জানিয়েছিলেন। মঙ্গলবার প্রতিমন্ত্রী দপ্তরে না থাকায় তাদের কাউকে কাউকে সচিবের দপ্তরে ধর্ণা দিতে দেখা যায়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, “পদোন্নতি নিয়ে আমি খুবই সন্তুষ্ট, কারণ জনপ্রশাসনে পদোন্নতিটা প্রত্যাশিত, এতে কর্মস্পৃহাও বাড়ে। প্রধানমন্ত্রী চান প্রশাসনে গতি আসুক, এই পদোন্নতিতে প্রশাসনে গতি আসবে।”

অবশ্য কাজের গতি নিয়ে সচিবের বক্তব্যের সঙ্গে একমত নন এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, মঙ্গলবার তিনি বরিশালে অবস্থান করছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পদোন্নতি একটা রুটিন ওয়ার্ক। এর সঙ্গে প্রশাসনের গতিশীলতার সম্পর্ক আছে বলে আমি মনে করি না।”

জনপ্রশাসনের কর্মকর্তাদের কাজের আওতা ‘বাড়ছে’ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সুষ্ঠু পরিকল্পনার ওপরই’ প্রশাসনের গতি নির্ভর করে।

“এই পদোন্নতি অনেক দিন ধরে আটকে ছিল। ফলে কর্মকর্তাদের মধ্যে হতাশাও ছিল। পদোন্নতি দিয়ে কর্মকর্তাদের হতাশা কাটিয়ে দেওয়া হলো।”

ফাঁকা পদ দেখে পদোন্নতিপ্রাপ্তদের পদায়ন করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তার আগ পর্যন্ত যে যেখানে আছে সেখানেই কাজ করবে।

কামাল নাসের বলেন, কর্মকার্তাদের মেধা, যোগ্যতা ও দায়িত্ব পালনে সক্ষমতা বিবেচনায় নিয়েই পদোন্নতি দেওয়া হয়েছে। এরপরও কেউ নিজেকে বঞ্চিত মনে করলে আবেদন করতে পারেন।

“পদোন্নতিপ্রাপ্তদের দক্ষতা এবং জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে হবে। সরকারের নীতি বাস্তবায়ন, জনকলাণ ও উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করতে হবে।”

মঙ্গলবার দুপুর পর্যন্ত দুইজন কর্মকর্তা এসে ‘পদোন্নতি বঞ্চনার’ কথা জানিয়েছেন বলে জানান সচিব।

২০১৪ সালের ১২ জানুয়ারি আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর জনপ্রশাসনের কর্মকর্তাদের বড় পদোন্নতি এটাই প্রথম।

বিগত ২০০৯-২০১৩ সরকারে বিভিন্ন ধাপে জনপ্রশাসনের ২ হাজার ৫২৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছিল।

সোমবারের পদোন্নতির পর এ মন্ত্রণালয়ে ১০৮টি অতিরিক্ত সচিব পদের বিপরীতে ৪৫৭ জন, ৪৩০টি যুগ্ম-সচিব পদের বিপরীতে ৯৩৫ জন, ৮৩০টি উপ-সচিব পদের বিপরীতে ১ হাজার ৩২৪ জন, ২ হাজার ৭০০টি জ্যেষ্ঠ সহকারী সচিবের পদের বিপরীতে ১ হাজার ২৯২ জন কর্মকর্তা আছেন। এর বাইরেও সরকারের বিভিন্ন প্রকল্পে কিছু স্থায়ী পদ রয়েছে।

পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে ‘দলীয় বিবেচনাকে’ প্রাধান্য দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন পদোন্নতি বঞ্চিততের কয়েকজন। পদোন্নতি না পেয়ে কেউ কেউ ফেইসবুকে ‘স্ট্যাটাস’ দিয়েছেন বলেও সচিবকে জানিয়েছেন একজন কর্মকর্তা।

একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভাগীয় মামলা থাকলে, খারাপ ফলাফলের কারণে মোট নম্বর কমে গেলে, চাকরিকালীন ‘ব্যাড রিপোর্ট’ থাকলে বা ভাল ফলাফল দেখাতে ব্যার্থ হলে এবং মাঠ পর্যায়ের কাজে যাদের দক্ষতা ছিল না সেই কর্মকর্তারাই পদোন্নতি পাননি।

বিসিএস ২০তম ব্যাচের কর্মকর্তারা এবারই প্রথম জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে উপ-সচিব হলেন। এছাড়া নবম ও দশম ব্যাচের কর্মকর্তারা যুগ্ম-সচিব পদে এবং ১৯৮৫ ব্যাচের কর্মকর্তারা অতিরিক্ত সচিব পদে এসেছেন এবারই প্রথম।

৩৫ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদীয় কমিটির চেয়ারম্যান, সচিব বা প্রভাবশালীদের একান্ত সচিবদের (পিএস) পাশাপাশি ২০ জন জেলা প্রশাসক এবার পদোন্নতি পেয়েছেন।