হল-মার্কের পাঁচ মামলায় ১৩ আসামির বিচার শুরুর নির্দেশ
আলোচিত হল-মার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারি নিয়ে ৩৬টি দুর্নীতি মামলার মধ্যে পাঁচ মামলায় ১৩ আসামির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ শহিদুল আলম ঝিনুক আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
বিচারক আগামী ১২, ১৩, ১৪, ১৭ এবং ১৮ মে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ঠিক করেছেন।
এর আগে গত বছর ২১ ডিসেম্বর এই আদালতের আগের বিচারক মো. রেজাউল ইসলাম এই পাঁচ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন এবং অব্যাহতির আবেদনের ওপর শুনানি নেন।
পাঁচ মামলায় রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী হুমায়ুন হোসেন পাঠান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলাগুলোর আসামিদের মধ্যে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের জিএম মীর মহিদুর রহমান, দুই উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শেখ আলতাফ হোসেন (সাময়িক বরখাস্ত) ও মো. সফিজউদ্দিন আহমেদ (সাময়িক বরখাস্ত) কারাগারে রয়েছেন।
পলাতক ১০ আসামি হলেন- প্যারাগন গ্রুপের এমডি সাইফুল ইসলাম রাজা, সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের জিএম ননী গোপাল নাথ (বর্তমানে ওএসডি), প্রধান কার্যালয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর, ডিএমডি মাইনুল হক (বর্তমানে ওএসডি), দুই এজিএম মো. কামরুল হোসেন খান (সাময়িক বরখাস্ত) ও এজাজ আহমেদ, সহকারী উপ-মহাব্যবস্থাপক মো. সাইফুল হাসান, নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন, জনৈক মুকুল হোসেন, প্যারাগন প্যাকেজিংয়ের পরিচালক আব্দুল আল মামুন।
গত বছর ১৫ সেপ্টম্বর ওই পাঁচ মামলায় অভিযোগপত্র দাখিল করে দুদক।
এদিকে অপর এক আদালতে গত ২ এপ্রিল এক আসামির মৃত্যু প্রতিবেদন না আসায় হল-মার্কের অপর ১১ মামলার অভিযোগ গঠনের শুনানি দ্বিতীয় বারের মতো পেছানো হয়েছে।
২০১২ সালের ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাগুলো করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা পাঁচটিতে আসামিরা হল-মার্ক গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ১০ কোটি ২২ লাখ ৮৫ হাজার ২০১ টাকা পাচারের অভিযোগ রয়েছে।
