২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে ছাপড়ায় চলছে এইচএসসি পরীক্ষা

ভবন না থাকায় বরগুনার তালতলীতে একটি কেন্দ্রে তিনটি কলেজের শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা দিচ্ছেন মাঠে টিনের ছাপড়া ঘরে।

মনির হোসেন কামাল

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2015, 06:19 PM

Updated : 12 Oct 2022, 03:31 PM

তালতলী উপজেলার বেগম নূরজাহান বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন তালতলী ডিগ্রি কলেজ, ড. শহিদুল ইসলাম কলেজ ও তালতলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

এ কেন্দ্রের ৪৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬০ জন পরীক্ষার্থীর আসন বসানো হয়েছে এ ছাপড়া ঘরে।

প্রচণ্ড গরমে পরীক্ষার্থীরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন। কেউ কেউ শারীরিকভাবে অসুস্থও হয়ে পড়ছেন।

পরীক্ষা কেন্দ্রের সুপার এম এ জব্বার জানান, “বিকল্প ব্যবস্থা না থাকায় ২০১০ সাল থেকে এভাবেই পরীক্ষা নেওয়া হচ্ছে। অনেকটা ঝুঁকির মধ্যেই পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হচ্ছে।”

পরীক্ষার্থী সোহাগ হাওলাদার বলেন, “এক হাত উপরে টিনের ছাপড়া দেওয়া হয়েছে, রৌদ্রের প্রচণ্ড তাপে শরীর-হাত-পা ঘেমে কলম পিচ্ছিল হয়ে যায়। এমনকি ঘামে পরীক্ষার খাতা পর্যন্ত ভিজে যায়, তাই পরীক্ষা দিতে খুবই সমস্যা হচ্ছে।”

মোছা. রুমা আক্তার ও কিবরিয়া নামে দুই পরীক্ষার্থী বলেন, একটানা ৩/৪ ঘণ্টা টিনের ছাপড়ার নিচে থাকার কারণে প্রচণ্ড গরমে শরীরে অস্বস্তি এসে যায়। এ কারণে ঠিকভাবে পরীক্ষার খাতায় লেখা যায় না।

এ পরিবেশের কারণে পরীক্ষার ফলাফলে অনেকটাই প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন এ পরীক্ষার্থীরা। এ পরিস্থিতিতে পরীক্ষা দেওয়ায় সন্তানদের ফলাফল নিয়ে উদ্বেগে আছেন অভিভাবকরাও।

অভিভাবক আবদুল জলিল হাওলাদার বলেন, “এর আগে একেবারে খোলা মাঠে পরীক্ষা নেওয়া হয়েছে। এ বছর টিনের ছাপড়া দেওয়া হয়। এভাবে পরীক্ষা নিলে ছেলেমেয়েদের কাছ থেকে ভালো ফলাফল আশা করা যায় না।”

মোছা. শাহিনুর নামে অন্য এক অভিভাবক বলেন, “ছেলেমেয়েদের পরীক্ষা কেন্দ্রে দিয়ে আমাদের বাইরে বসে থাকা লাগে। কারণ কোন সময় ঝড়-বৃষ্টি আসে বলা যায় না।”

২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরগুনার একটি জনসভায় তালতলীকে উপজেলায় রূপান্তরিত করার ঘোষণা দেন। এরপর তা বাস্তবায়নের লক্ষ্যে ২০১২ সালে আমতলী উপজেলার তিনটি ইউনিয়নকে সাতটি ইউনিয়নে বিভক্ত করে যাত্রা শুরু হয় তালতলী উপজেলার। এর ধারাবাহিকতায় ২০১৩ সালের জুন মাসে নতুন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদায়ন করা হয়।

নতুন উপজেলা হওয়ায় প্রশাসন ও শিক্ষা-প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন অবকাঠামো এখনও নির্মিত হয়নি।

পরীক্ষা নিতে অসুবিধার কথা স্বীকার করে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও তালতলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুন-অর রশিদ বলেন, “পরীক্ষা নেওয়ার জন্য তালতলীতে অন্য কোনো ভালো ভেন্যু না থাকার কারণে এ স্কুলে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে।”

স্কুলটি এখনও এমপিওভুক্ত না হওয়ায় অ্যাকাডেমিক ভবনেরও কোনো উন্নতি হচ্ছে না বলে তিনি জানান।

বরগুনার জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম বলেন, “তালতলীর ইউএনও’র মাধ্যমে খোঁজ খবর নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”