নারায়ণগঞ্জে অপহৃত ব্যক্তিসহ দুজনের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অপহৃত এক ব্যক্তির হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ পুকুর থেকে এবং ফতুল্লায় এক পোশাককর্মীর লাশ তার আত্মীয়ের ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালের দিকের এ দুই ঘটনায় জড়িত সন্দেহে তিন নারীসহ ছয়জনকে আটক করা হয়েছে।
নিহতরা হলেন- মোমেন (২৮) ও ইকবাল খান (৩৫)।
ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, পোশাককর্মী মোমেনের গ্রামের বাড়ি জামালপুর জেলার মেলান্দহ থানার মুন্সিখোলা গ্রামে।
আর কাঁচপুর পশ্চিম বৈহাকৈর এলাকার মুদি ব্যবসায়ী ইকবালের গ্রামের বাড়ি সোনারগাঁও উপজেলার নুনেরটেক এলাকায় বলে সোনারগাঁও থানার ওসি মো. কামরুল ইসলাম জানান।
মোমেন হত্যাকাণ্ডের ঘটনায় আটকরা হলেন- তার স্ত্রী রোকসানা ও রোখসানার বোন জোবেদা। এ হত্যাকাণ্ডে প্রধান সন্দেহভাজন নিহতের ভায়রা আব্দুল করিমকে খুঁজছে পুলিশ।
অন্যদিকে ইকবাল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটকরা হলেন- আব্দুল জলিল, আলাউদ্দিন, জয়নব খাতুন ও শান্তা আক্তার।
ফতুল্লার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোমেন ও তার ভায়রা করিম তল্লা এলাকায় একটি বাড়িতে পাশাপাশি ঘরে ভাড়া থাকতেন। রোববার রাতে দুজন একসঙ্গে খাবার খেয়ে বাসা থেকে বের হয়। এরপর থেকে তাদের আর দেখা যায়নি।
সোমবার সকালে করিমের ঘরের খাটের নিচে মোমেনের লাশ দেখে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং নিহতের স্ত্রীসহ দুই নারীকে আটক করে।
“ঘটনার পর থেকেই মোমেনের ভায়রা করিমের কোনো খোঁজ নেই। তার সন্ধান চলছে। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি,” বলেন পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান।
এলাকাবাসী জানিয়েছে, গত মার্চ মাসের শেষের দিকে স্ত্রী রোকসানাকে নিয়ে চাকরির খোঁজে ফতুল্লায় আসেন মোমেন। ১ এপ্রিল থেকে তিনি একটি পোশাক কারখানায় চাকরি পেয়ে ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।
পলাতক করিম ও নিহত মোমেনের বাড়ি একই গ্রামে।
অন্যদিকে, সোনারগাঁও উপজেলার বেহাকৈর এলাকায় একটি পুকুর থেকে মুদি ব্যবসায়ী ইকবালের হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
সোনারগাঁও থানার ওসি কামরুল জানান, গত ২ এপ্রিল এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে ইকবালকে অপহরণ করেছিল দুর্বৃত্তরা। এই ঘটনায় তার স্ত্রী কোহিনুর আক্তার অপহরণকারীদের বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা পরিশোধ করে। পরে থানায় অপহরণের অভিযোগে একটি মামলাও করেন।
কিন্তু বাকি ৭০ হাজার টাকা না দেওয়ায় ইকবালকে হত্যা করা হয় বলে ধারণা করছে স্বজনরা।
এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জলিল, আলাউদ্দিন, জয়নব ও শান্তাকে আটক করেছে।
লাশ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
