বরগুনায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টা, কুপিয়ে হত্যা
বরগুনা সদরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার সময় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাতে উপজেলার চাড়াভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শহীদ গাজী (২৯) ওই গ্রামের চান গাজীর ছেলে।
এ ঘটনায় ওই গৃহবধূকে আটক করেছে পুলিশ।
ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হেমায়েত উদ্দিন খান জানান, ওই নারীর স্বামী ঢাকায় শ্রমিকের কাজ করেন। দুই শিশু সন্তান নিয়ে তিনি একা বাড়ি থাকেন।
ওই গৃহবধূর বরাত দিয়ে তিনি বলেন, রাত ১২টার দিকে বেড়া ভেঙ্গে শহিদ গাজী তার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তিনি পাশে রাখা দা দিয়ে শহিদকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরনের লুঙ্গি ফেলে শহিদ পালানোর চেষ্টা করেও রক্তাক্ত অবস্থায় পড়ে যায়।
রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান হেমায়েত।
বরগুনা থানার ওসি রিয়াজ হোসেন বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ওই নারী কোপানোর কথা স্বীকার করেছেন।
