২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের ঢাকা-সৈয়দপুর ফ্লাইট চালু সোমবার

বাংলাদেশ বিমানের ঢাকা ও নীলফামারীর সৈয়দপুরের ফ্লাইট শুরু হচ্ছে সোমবার।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 08:19 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

র্দীঘ আট বছর বন্ধ থাকার পর সৈয়দপুর বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ এ রুটে ফ্লাইট চালু হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, এখন থেকে প্রতিদিন বিকাল ৪টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুর যাবে এবং যাত্রী নিয়ে বিকাল ৫টা ১৫ মিনিটে আবার ঢাকার উদ্দেশে উড্ডয়ন করবে বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর জেলা ম্যানেজার আবু আহমেদ জানান, বাণিজ্য ও সেবার মনোভাব নিয়ে সোমবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রা শুরু হচ্ছে। 

প্রথম অবস্থায় সপ্তাহে সোম, বৃহস্পতি ও শনিবার বিমানের ফ্লাইট চলাচল করবে। তবে টিকিটের চাহিদা বাড়লে সপ্তাহের সাত দিনই চলবে বলে জানান তিনি।

সৈয়দপুর বিমান বন্দরের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস ইনচার্জ রোজিনা ইয়াসমিন জানান, ৭৪ আসনের এই বিমানে তিন ক্যাটাগরির আসন রয়েছে। এর মধ্যে ‘টি’ ক্যাটাগরি আসনের মূল্য তিন হাজার ১৭৫ টাকা, ‘কিউ’ ক্যাটাগরি তিন হাজার ৬৭৫ টাকা, ‘এস’ ক্যাটাগরি চার হাজার ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সৈয়দপুর বিমান বন্দরের কর্মকর্তারা জানান, আগে সৈয়দপুর বিমানবন্দর থেকে রুট সৈয়দপুর-ঢাকা-সৈয়দপুর রুটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সপ্তাহে তিন দিন চলচল করলেও যাত্রী সংকট আর লোকসানের অজুহাতে ২০০৭ সালের ৭ই মার্চ থেকে এই রুটে বিমান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

তবে ২০১১ সাল থেকে বেসরকারি মালিকানাধীন ইউনাইটেড এয়ারওয়েজ এবং ২০১৪ সালের অক্টোবর মাস থেকে চলাচল শুরু করে ইউএস-বাংলার বিমান।

ইউনাইটেড ও ইউএস বাংলার দুটি ফ্লাইট প্রতিদিন চলাচল করে।