ঝড়ে চরে আটকা পড়া ফেরি ৩ ঘণ্টা পর উদ্ধার
ঝড়ের মধ্যে মুন্সীগঞ্জে পদ্মার চরে ১৭টি যান ও শতাধিক যাত্রী নিয়ে চরে আটকে পড়া ফেরিকে তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
ফেরিটির মাস্টার জয়নাল আবেদীন জানান, শনিবার রাত পৌনে ৭টার দিকে ঝড়ের মধ্যে হাজরা টার্নিংয়ের চরে শিমুলিয়াগামী ফেরি রামশ্রী আটকে যায়। ঝড়ের কারণে উদ্ধারকারী জাহাজ পৌঁছাতে দেরি হওয়ায় তিন ঘণ্টা পর ফেরিটি উদ্ধার হয়।
এদিকে ঝড়ের কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়।
বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় জানান, পদ্মা উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। পরে ঝড়ের তীব্রতা কমে এলে রাত পৌনে ৯টায় ফেরি সার্ভিস আবার চালু করা হয়।
