২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘৭ কোটি’ টাকার গাড়ি অবৈধভাবে আনার পর ভুয়া নিবন্ধন

অবৈধভাবে এনে ভুয়া নিবন্ধন করানো দামি একটি মার্সিডিস বেঞ্জ গাড়ি ধরেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 02:54 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

শুক্রবার রাতে রাজধানীর ধানমণ্ডির একটি বাড়িতে কালো রঙের গাড়িটি পাওয়া যায় বলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

গোপনীয় সূত্রে খবর পেয়ে ধানমণ্ডি ৫ নম্বর সড়কের ২৩/এ নম্বর বাড়িতে অভিযান চালান শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। ওই বাড়ির গ্যারেজে গাড়িটি ছিল।

মইনুল খান বলেন, “সাত কোটি টাকা দামের গাড়িটি ভুয়া কাগজপত্র দেখিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছিল। এরপর ২০০৯ সালে ভুয়া বিল অফ এন্ট্রির মাধ্যমে রেজিস্ট্রেশনও করা হয়েছিল।”

এই গাড়িটি বৈধভাবে আমদানি করতে তিন কোটি টাকা শুল্ক দিতে হত, যা ফাঁকি দেওয়ার অভিযোগে গাড়িটি জব্দ করেছে শুল্ক বিভাগ।

এই গাড়িটি বেলায়েত হোসেন নামে এক ব্যক্তির মালিকানায় ছিল বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।

আমদানি ব্যবসায় যুক্ত বেলায়েত ওই বাড়ির একটি ফ্ল্যাটে থকেন। বর্তমানে তিনি দেশের বাইরে আছেন। গাড়িটি জব্দের সময় বেলায়েতের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, মুন স্টার লিমিটেড নামে একটি প্রসাধনী ও বৈদ্যুতিক যন্ত্রপাতি আমদানি প্রতিষ্ঠানের মালিক বেলায়েতের ‘ট্যাক্সফাইলে’ এই গাড়ির কথা উল্লেখ নেই।

অবৈধভাবে ভুয়া সিল দিয়ে প্রসাধন সামগ্রী আমদানির অভিযোগে গত ২৪ মার্চ কাস্টমস কর্তৃপক্ষ বেলায়েতের বিরুদ্ধে একটি মামলা করে।

২০০৮ মডেলের গাড়িটিতে রেজিস্ট্রেশন নম্বর লেখা ছিল- ঢাকা মেট্রো- গ-১৪-৯৭৩৮। তবে বিআরটিএতে ভুয়া কাগজ দেখিয়ে এই নিবন্ধন নেওয়া হয়। 

মইনুল খান বলেন, “গাড়িটি রেজিস্ট্রেশন করার পর প্রতিবছর নবায়নও করা হত। যে আমদানি বিল দেখানো হয়েছিল, সেই বিল নম্বর মূলত পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড চট্টগ্রামের।”

গাড়িটির বিষয়ে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চালানো হচ্ছিল বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান।

শুল্ক ফাঁকি দিয়ে এনে রাস্তায় চালানো হচ্ছে- এই ধরনের আরও গাড়ি রয়েছে জানিয়ে মইনুল খান বলেন, “আমরা এসবের ব্যাপারে ইতোমধ্যে মাঠে নেমেছি, কাজ চলছে।”

জব্দ হওয়া গাড়িটি আমদানিসহ ভুয়া নিবন্ধনের মাধ্যমে রাস্তায় নামানোর সঙ্গে কারা কারা জড়িত, তা বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। 

মালিক শুল্ক দিয়ে গাড়িটি ফেরত নিতে পারবেন কি না- জানতে চাইলে মইনুল খান বলেন, কাস্টমস আইনে বিচারে দুই পক্ষের বক্তব্য শুনে তিন ধরনের রায় আসতে পারে।

এর একটি ৩ কোটি টাকা শুল্ক নিয়ে গাড়ির মালিককে ফেরত দেওয়া; দ্বিতীয়টি গাড়িটির যা মূল্য তার ১০ গুণ নির্ধারণ করে ফেরত দেওয়া; তৃতীয়টি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা।

“তবে গাড়িটি যার নামে, তার অপরাধ অনেক। অবৈধভাবে আনার অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও হতে পারে, গাড়িটি কেনার জন্য বিদেশে অর্থপাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে মামলাও হতে পারে। আবার ট্যাক্সফাইলে উল্লেখ না থাকায় আয়কর বিভাগও তার বিরুদ্ধে মামলা করতে পারে।”