রাজধানীতে দুই ব্যবসায়ীকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই
রাজধানীর কদমতলী ও নিউমার্কেট এলাকায় গভীর রাতে দুই ব্যবসায়ীকে কুপিয়ে মোট সাড়ে আট লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আহত মো. ফালান মিয়াকে (২৭) পঙ্গু হাসপাতাল এবং মো. সানুকে (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাত ২টার দিকে কাছাকাছি সময়ে কদমতলী ও নিউমার্কেট এলাকায় ছিনতাইয়ের দুই ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক সেন্টু দাস জানান ।
তিনি বলেন, “ভাঙারি ব্যবসায়ী ফালান মিয়া রাত ২টার দিকে কদমতলীর হাড্ডি কারখানার সামনে দিয়ে যাওয়ার সময় সাত-আটজন লোক তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ব্যাগে থাকা সাত লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।”
ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে গাউছিয়া মার্কেটের কাছে কাপড় ব্যবসায়ী সানু মিয়ার পায়ে ছুরি মেরে ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে জানান উপপরিদর্শক সেন্টু দাস।
নিউমার্কেট থানার ডিউটি অফিসার উপপরিদর্শক এহসান হক মোল্লা বলেন, সানু কামরাঙ্গীরচরে থাকেন। গাউছিয়া মার্কেট থেকে থ্রি-পিস কিনে এলাকায় বিক্রি করেন।
শুক্রবার গভীর রাতে থ্রি-পিস নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে এসে কয়েক যুবক তার পথ আটকায়। এক পর্যায়ে ছুরি মেরে সঙ্গে থাকা টাকা নিয়ে যায়।
