বাগেরহাটে গৃহবধূ ‘খুন’, শাশুড়ি আটক
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় যৌতুকের দাবিতে নির্যাতন করে এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার শাশুড়িকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকালে উপজেলার পিলজংগ ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের একটি পুকুরে গৃহবধূ রেক্সানা বেগমের (২৮) গলায় ইট বাঁধা লাশ পাওয়া যায়।
রাতে রোক্সানার ভাই মিজান শেখ তিন জনকে আসামি করে ফকিরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
তাকে হত্যার অভিযোগে তার শাশুড়ি ফরিদা বেগমকে (৬৫) আটক করা হয়েছে। তবে, স্বামী আরিফ মল্লিক ও শ্বশুর মল্লিক আকবর আলী ওরফে শান্ত পালিয়ে গেছেন।
রোক্সানার ভাই মিজান শেখ সাংবাদিকদের জানান, ১৩/১৪ বছর আগে বালিয়াডাঙ্গা গ্রামের আরিফ মল্লিকের সঙ্গে একই উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের কামটা গ্রামের জব্বার শেখের মেয়ে রেক্সানার বিয়ে হয়।
তাদের শোভা (১২) ও ইভা (৬) নামে দুটি মেয়ে রয়েছে।
গত ২/৩ বছর থেকে আরিফ যৌতুকের জন্য রোক্সানাকে মারধর শুরু করেন। এরপর তারা আরিফকে ৩০/৪০ হাজার টাকা দেন।
এরপরও টাকার জন্য আরিফসহ তার মা ফরিদা ও বাবা আকবর রোক্সানার উপর নির্যাতন বন্ধ করেনি।
ওরা শুক্রবার তাকে শ্বাসরোধে হত্যা করেছে বলে দাবি করেন মিজান।
মামলার তদন্ত কর্মকর্তা ফকিরহাট থানার উপপরিদর্শক (এসআই) বিধান চন্দ্র রায় জানান, স্থানীয় এক ব্যক্তি আরিফের বাড়ির পাশের পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় পানিতে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পুলিশ লাশ তুলে দেখে তার গলায় ইট বাঁধা রয়েছে।
ধারণা করা হচ্ছে ১/২ দিন আগে রেক্সানাকে হত্যা করে লাশের গলায় ইট বেঁধে পুকুরে ডুবিয়ে রাখা হয়েছে, বলেন তিনি।
শাশুড়ি ফরিদাকে আটক করা হলেও স্বামী ও শ্বশুরকে ধরা যায়নি বলে জানান তিনি।
