কক্সবাজারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
কক্সবাজারের কুতুবদিয়া ও পেকুয়ায় শুক্রবার বিকালে বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম গোঁয়াখালী মাতবর পাড়ার আবুল কাশেম (৩০) ও রাজাখালী ইউনিয়নের মৌলভীপাড়ার মো. আশেক উদ্দিন (১৮) এবং কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং মোশারফ আলী বলিপাড়ার মোহাম্মদ বাবুল (৩৫)।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুর রশিদ খান জানান, বিকাল সাড়ে ৫টার দিকে মগনামা ইউনিয়নের বেদেরবিল পাড়া এলাকায় মৎস্য প্রকল্পের খামার ঘরে কাজ করার সময় বজ্রপাতে আবুল কাশেমের মৃত্যু হয়।
তিনি জানান, একই সময়ে রাজাখালী ইউনিয়নে লবণ মাঠে কাজ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান মো. আশেক উদ্দিন।
এদিকে কুতুবদিয়া থানার ওসি অংসা থোয়াই জানান, বিকাল ৫টার দিকে দক্ষিণ ধুরুং এলাকায় লবণ মাঠে কাজ করার সময় এক বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে তিনি শুনেছেন।
এ ঘটনায় ৪ জন আহত হন বলেও তিনি জানান।
