২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চৈত্রের মেলা বসেছে খানজাহান মাজারে

বাগেরহাটের হযরত খানজাহানের (রহ.) মাজারে প্রতিবারের মতো বাংলা বছর শেষের মেলা শুরু হয়েছে।  

অলীপ ঘটক

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 04:49 PM

Updated : 12 Oct 2022, 03:30 PM

মেলার আয়োজক ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হওয়া তিনদিনের এ মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।

প্রায় ছয়শ বছর ধরে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এই মেলা শুরু হয়।

চেয়ারম্যান বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরও বলেন, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির এক অপূর্ব মিলন মেলা। এখানে বাউল সাধকরা দীঘিরপাড়ে বসে সারারাত লালনগীতি, পল্লীগীতি, ভাটিয়ালী, মারফতি গান পরিবেশন করেন।

দেশ বিদেশের হাজার হাজার মানুষ এই মেলায় আসেন বলে জানান তিনি।

মাজারের প্রধান খাদেম শের আলী ফকির বলেন, সব ধর্মের মানুষ একটু পুণ্য লাভের আশায় হযরত খানজাহানের এই মেলায় ছুটে আসেন।

সরেজমিনে দেখা যায়, দূর-দূরান্ত থেকে আসা খানজাহানের ভক্তরা মাজার এলাকার দীঘিরপাড়সহ বিশাল এলাকা জুড়ে নিজেদের মতো করে আসর বসিয়েছেন।

মেলা উপলক্ষে মাজার প্রাঙ্গণে নানা রকম পণ্যের পসরা সাজিয়েছেন দোকানিরা।

মেলায় আসা বরগুনার কদম আলী ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছোট বেলা থেকে প্রতিবছর এই পূর্ণিমা তিথিতে এখানে আসি। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল শিল্পীরা গানের আসর জমান। মাজারের দীঘিরপাড়ে সারারাত ধরে এখানে গান বাজনা চলে। গান শুনতে এখানে চলে আসি।”

মেলায় আসার জন্য প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথির অপেক্ষায় থাকেন বলে জানান খুলনার দাকোপের বাসিন্দা অবনিশ মণ্ডল।