দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা আহত
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাসের ধাকায় এক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার যশোর-ঝিনাইদহ সড়কের বারবাজারে এ দুর্ঘটনায় আহত সেলিম জোয়ার্দার শিমুল (৩০) কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি।
যশোর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
শিমুলের বন্ধু মোমতাজুল করিম শান্ত জানান, সকাল সাড়ে ৯টার দিকে শিমুল গ্রামের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে মোটরসাইকেলযোগে যশোরের দিকে যাচ্ছিলেন।
বারবাজার এলাকায় ঝিনাইদহমুখী একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় বলে জানান তিনি।
যশোর জেনারেল হাসপতালের সার্জারি ওয়ার্ডের রেজিস্ট্রার ডা. সাঈদ সিদ্দিকী জানান, শিমুলের ডান পায়ের গোড়ালি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
বেলা ১২টার দিকে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালের উদ্দেশে পাঠানো হয় বলে জানান তিনি।
শিমুলের গ্রামের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর হলেও তারা থাকেন যশোর শহরের কাজীপাড়া এলাকায়। শিমুলের ভাই শান্ত তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন।
