২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আরও ২৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

বাছাইয়ের দ্বিতীয় দিনে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ২৯ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2015, 09:24 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর মুসলিম হলে বাছাই কার্যক্রম চলে।

এর আগে গত বুধবার মোট আট জন কাউন্সিলর, চার জন সংরিক্ষত নারী কাউন্সিলর ও একজন মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

এ নিয়ে দুই দিনে সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মোট ৪১ জনের মনোনয়ন বাতিল হলো।

নগরীর ৪১টি ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়ন জমা দেওয়া ২৮৮ জনের মধ্যে ৩১ জনের মনোনয়ন বাতিল হলো। অন্যদিকে ১৪টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়ন জমা দেওয়া ৭১ জনের মধ্যে ১০ জন্যের বাতিল করা হয়।

চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, মেয়র পদে ১২টি, কাউন্সিলর পদে ২৫৭টি এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬১টি মনোনয়ন পত্র গৃহীত হয়েছে।

বাছাই শেষে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী থাকলেন মোট ৩৩০ জন।

বৃহস্পতিবার ছয় জন নারী ও ২৩ জন কাউন্সিলর পদের প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

ছয় নারী হলেন- সংরক্ষিত ২ নম্বর আসনের সাবিনা ই জান্নাত, সংরক্ষিত ৩ আসনের রোকেয়া আক্তার, সংরক্ষিত ৮ আসনের আরজুম নাহার মান্না, সংরক্ষিত ১০ আসনের আখি আক্তার উষা, সুরমা আক্তার ও রওশন আরা বেগম।

ঋণ খেলাপি হওয়ায় দুই জন নারী ও ১৩ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এদের মধ্যে আরজুম নাহার মান্না ও রওশন আরা বেগম ঋণ খেলাপি।

অন্যরা হলেন- ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সলিমুল্লাহ বাচ্চু, নগরীর ৫ নম্বর মোহরা ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোহাম্মদ আজম, ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের গোলাম মোস্তফা, ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সিদ্দিক আহমেদ চৌধুরী, ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের গাজী মো. আইয়ুব খান, ১০ নম্বর উত্তর কাট্টলীর শামসুল আলম ও মো. আবদুল কুদ্দুস, ৮ নম্বর শুলকবহরের হাসান চৌধুরী ও নুরুল আনোয়ার, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়ার আবু মো. তৌহিদুল ইসলাম, ১৯ নম্বর দক্ষিন বাকলিয়ার মহিউদ্দিন মাহমুদ রনি।

১৯ নম্বর দক্ষিণ বাকলিয়ার গিয়াস উদ্দিন ও ১৩ নম্বর পাহাড়তলীর গিয়াস উদ্দিন ঋণ গ্রহীতার জামিনদার হওয়ায় তাদের মনোনয়ন পত্র বাতিল হয়।

এছাড়া ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের স্বরূপ বিকাশ বড়ুয়া আয়কর রির্টানের কাগজ জমা না দেওয়ায় মনোনয়ন বাতিল হয়।

জামায়াত সমর্থিত ১৩ নম্বর পাহাড়তলি ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মাহফুজুল আলম মামলার তথ্য গোপন করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের দুই প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় একমাত্র বৈধ প্রার্থী থাকলেন মোহাম্মদ হোসেন হিরণ।

হলফনামায় মামলার তথ্য উল্লেখ না করায় নগরীর ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রফিউল হায়দার চৌধুরীর মনোনয়ন বাতিল হয়।

এছাড়া ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের ইয়াছিন রেজা, ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের কাজী মো. আবদুল মালেক, ২৬ নম্বর দক্ষিণ হালিশহরের জানে আলম, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়ার শেখ নঈম উদ্দিন, ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়ার এনামুল হক প্রয়োজনীয় আয়কর রিটার্ন ও অন্যান্য কাগজ দিতে না পারায় মনোনয়ন বাতিল হয়।

৯ নম্বর দক্ষিণ পাহাড়তলির আলী আজগর নিজের ভোটার নম্বর ভুল লেখায় এবং ২ নম্বর জালালাবাদের রমজান আলীর বয়স ২৫ বছরের কম হওয়ায় মনোনয়ন বাতিল হয়।