২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আশায় সালাহ উদ্দিনের স্ত্রী

দুই সপ্তাহ ধরে ‘নিখোঁজ’ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে আইনশৃঙ্খলা বাহিনীই নিয়ে গেছে বলে জোর দাবি করে তার স্ত্রী হাসিনা আহমেদ স্বামীকে ফিরে পেতে আবারও প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2015, 04:12 PM

Updated : 22 Aug 2022, 11:58 AM

সোমবার সকালে গুলশানে নিজের বাসায় হাসিনা আহমেদ সাংবাদিকদের বলেন, উত্তরা থেকে তার স্বামীকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে তিনি শতভাগ নিশ্চিত। এর সপক্ষে তাদের কাছে থাকা সাক্ষ্য-প্রমাণ গণমাধ্যমে প্রকাশিতও হয়েছে।

সকালে গুলশানের ৭২ নম্বর সড়কের ৭ নম্বর প্লাটিনাম রেসিডেন্সে সালাহ উদ্দিনের ফ্ল্যাটে গিয়ে পরিবারের প্রতি সহমর্মিতা জানান বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও তার ছেলে দলের যু্গ্ম মহাসচিব মাহি বি চৌধুরী।

গত ১০ মার্চ সালাহ উদ্দিনের অন্তর্ধানের পর থেকে তার পরিবার ও বিএনপি অভিযোগ করে আসছে, গোয়েন্দা পুলিশই তাকে তুলে নিয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী সেই অভিযোগ নাকচ করে আসছে।

অজ্ঞাত স্থানে থেকে এক মাস ধরে বিবৃতি পাঠিয়ে আসা বিএনপির এই যুগ্ম মহাসচিবকে খোঁজা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পেলে তাকে গ্রেপ্তার করবে পুলিশ।  

আইনশৃঙ্খলা বাহিনীই সালাহ উদ্দিনকে নিয়ে গেছে দাবি করে তাকে ফেরত দেওয়া না হলে সরকারের ‘কঠিন পরিণতি’ হবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সালাহ উদ্দিনের সন্ধান পেতে সরকার প্রধানের হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীকে ইতোমধ্যে স্মারকলিপি দিয়েছেন তার স্ত্রী হাসিনা।

তিনি সোমবার বলেন, “১৩ দিন হয়ে গেছে- এখনও আমার স্বামী নিখোঁজ। কিভাবে কোথায় আছেন- কিছুই জানি না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি, এখনও জানাচ্ছি- তিনি যেন নির্দেশ দেন আইনশৃঙ্খলা বাহিনী আমার স্বামীকে জনসমক্ষে হাজির করে।’’

সালাহ উদ্দিনপত্নী বলেন, “আমার স্বামীকে ফিরে পেতে সকলের সহযোগিতা চাই। আমার বিশ্বাস- সকলে সহযোগিতা করলে আমার স্বামী নিশ্চিত আমার কাছে ফিরে আসবেন।”

১৩ দিনেও সালাহউদ্দিনের সন্ধান দিতে না পারাকে সরকারের চরম ব্যর্থতা বলে দাবি করেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা।

তিনি বলেন, “১৩ দিন ধরে সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে পাওয়া যাবে না, তিনি হারিয়ে যাবেন! আমি সরকারকে জানিয়ে দিতে চাই- আপনারাদেরই দায়িত্ব সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করা। যদি এটা করতে না পারেন, আপনারা পদত্যাগ করুন।”

তিনি বলেন, “বর্তমান সরকারের আমলে এভাবে হারিয়ে যাওয়ার ঘটনা রাজনৈতিক সংস্কৃতিতে নিকৃষ্টতম উদাহরণ হয়ে আছে। অতীতেও অনেকে এভাবে নিখোঁজ- গুম হয়ে গেছেন, আর ফিরে আসেনি। এটা সরকারের চরম ব্যর্থতা বলে আমি মনে করি।”

সালাহউদ্দিনের খোঁজ চেয়ে উচ্চ আদালতে রিট আবেদনও করেছেন তার স্ত্রী হাসিনা। এ বিষয়ে আগামী ৮ এপ্রিল হাই কোর্টে আবার শুনানির তারিখ রাখা হয়েছে।