২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় নৌবাহিনী-জেলে সংঘর্ষ, আহত ১৪

পোনা মাছ ধরার জাল আটক করা নিয়ে বরগুনার পাথরঘাটা উপজেলায় মৎস্য বিভাগ ও নৌবাহিনী সদসদের সঙ্গে জেলেদের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2015, 06:15 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

রোববার কালমেঘা এলাকায় এ সংঘর্ষে আহতদের কয়েকজনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন জেলে পরিবারের সদস্য নূরভানু (৬০), হাসিনা বেগম (৫০), তাজেনূর বেগম (২৫), রেক্সোনা আক্তার (২২), আবদুল মালেক (৩৫), মনির হোসেন (৩৫), বাবুল হোসেন (৪০), শাহজাহান (৪২), পাথরঘাটা মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী নজরুল ইসলাম ও মৎস্য বিভাগে নিয়োজিত শ্রমিক আবদুল মোতালেব।

নৌ-বাহিনীর আহত দুই সদস্যের নাম জানা যায়নি। তাদের হাসপাতালেও ভর্তি করা হয়নি।

খুলনা থেকে আসা নৌবাহিনীর মাস্টার চিফ আজমল জানান, পাথরঘাটা উপজেলা মৎস্য বিভাগের আহবানে তারা সকাল সাড়ে ১০টার দিকে বিষখালী নদীতে পোনা মাছ নিধনকারী জাল উদ্ধারে বের হন।

কালমেঘা এলাকায় গেলে জেলেরা তাদের দেখে জাল ফেলে পালিয়ে যায়।

তিনি জানান, একটু পরেই জেলে পরিবারের নারীরা এসে তাদেরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন।

এরপর নৌবাহিনীর সদস্যরা কূলে উঠে লাঠিপেটা করলে গ্রামবাসীরা একত্রিত হয়ে পাল্টা হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

আহত নৌবাহিনীর দুই সদস্যের নাম বলতে রাজী হননি তিনি।

এদিকে আহত জেলেদের দাবি, তাদের জালগুলো নদীতে ছিল না। বাড়ির সামনে রাখা জালগুলো নিয়ে আসতে চাইলে তারা বাধা দেন, যে কারণে তাদের পিটিয়ে আহত করা হয়।

পাথরঘাটা থানার ওসি জিএম শাহনেওয়াজ জানান, তিনি সংঘর্ষের ঘটনাটি শুনেছেন। আহতদের হাসপাতালে ভর্তি করার বিষয়টিও পেয়েছেন।

তবে এখনও কেউ অভিযোগ করেননি বলে জানান তিনি। 

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন পরামানিক জানান, জেলেদের সঙ্গে তাদের সংঘর্ষের কোনো ঘটনাই ঘটেনি।

জেলেরা কীভাবে আহত হলো, তা জানতে চাইলে তিনি মোবাইল ফোনের সংযোগ কেটে দেন। এরপর কয়েকবার যোগাযোগের চেষ্টা কররেও তিনি ফোন ধরেননি।