২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে পুলিশের গুলিতে ‘ডাকাত’ নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গভীর রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন, যার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2015, 09:36 AM

Updated : 22 Aug 2022, 11:57 AM

নিহত ইকবাল হোসেন (৩২) উপজেলার আড়পাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। 

শুক্রবার রাত ২টার দিকে উপজেলার ফরাশপুর গ্রামে  এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন।

ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, দুটি গুলি, একটি চাপাতি ও কয়েক গাছি দড়ি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

ওসি আনোয়ার বলেন, ফরাশপুরের কালীগঞ্জ-মল্লিকপুর সড়কে রাস্তায় ফেলে রাখা গাছ দেখে পুলিশের একটি টহল গাড়ি থামলে গোলাগুলির ঘটনা ঘটে।

“ডাকাতরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা চালায়। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে ইকবালকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

“উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

গোলাগুলিতে তিন পুলিশ সদস্যও আহত হন বলে ওসি জানান। 

নিহত ইকবালের বিরুদ্ধে একটি হত্যা এবং ডাকাতি ও চুরির পাঁচটি মামলা আছে বলে থানার উপপরিদর্শক নীরব হোসেন জানিয়েছেন।