গাইবান্ধায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন, আহত হন চার জন।
বুধবার বেলা সোয়া ২টার দিকে মহদীপুর ইউনিয়নের ঝিলিঙ্গি গোয়ালপাড়া রেইট্রিতল এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কোরাল মিয়া (২৮) বগুড়া শহরের চেলোপাড়া এলাকার সুলতান মিয়ার ছেলে এবং রায়হান মিয়া (২৫) একই এলাকার রেজাউল ইসলামের ছেলে।
হতাহতরা সবাই সিএনজি চালিত অটোরিকশার আরোহী। আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে যাওয়া পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) নাজমুল ইসলাম জানান, দুপুরে যাত্রীবাহী অটোরিকশাটি ছয় জন যাত্রী নিয়ে বগুড়া থেকে গাইবান্ধা যাচ্ছিল। পথে পলাশবাড়ীগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জন জনের মৃত্যু হয়।
