২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে দুই যুবক খুন, গ্রেপ্তার ৩

সাভারের রাজাশন ও আশুলিয়ায় দুই যুবক খুন হয়েছেন। এরমধ্যে একটি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 03:54 PM

Updated : 22 Aug 2022, 11:56 AM

নিহতদের মধ্যে মো. কামরুজ্জামান সাভারের মজিদপুর মহল্লায় ভাড়া বাড়িতে থেকে সাভার বাজার রোডের উৎসব প্লাজায় ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন। তার বাড়ি রাজবাড়ি জেলার পাংশা উপজেলায়।

অপরজনের পরিচয় জানা যায়নি। এছাড়া তদন্তের স্বার্থে গ্রেপ্তারদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল জানান, বুধবার সকালে চাঁনগাও এলাকায় একটি বাঁশ ঝাড়ের ভেতরে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

“সম্ভবত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই যুবককে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি বাঁশ ঝাড়ের ভেতরে ফেলে পালিয়ে গেছে,” বলেন ওই পুলিশ কর্মকর্তা।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রাজাশন রোডের মণ্ডল প্লাজার সামনে দুর্বৃত্তদের ছুরির আঘাতে খুন হন ব্যবসায়ী কামরুজ্জামান। এ সময় তার সঙ্গে থাকা রোমান নামে আরেক যুবক আহত হন।

সাভার মডেল থানার ওসি আব্দুল মোতালেব মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্বৃত্তরা দুজনের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। রাতে উৎসব প্লাজায় দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন তারা।

ঘটনার পর বুধবার ভোরের দিকে রাজাশন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮৮ হাজার ৮৮৫ টাকা, ১৭টি মোবাইল ফোন ও বেশকিছু রিচার্জ কার্ড উদ্ধার করা হয়।

ওসি বলেন, “এ হত্যাকাণ্ডের সঙ্গে আরও লোক জড়িত রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাই তদন্তের স্বার্থে পুলিশ গ্রেপ্তারদের পরিচয় গোপন রেখেছে।”

লাশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।