২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসআইকে ফেরত দিল বিএসএফ, ওসিসহ ৭ পুলিশ প্রত্যাহার

কুড়িগ্রামের সীমান্ত এলাকা থেকে বাংলাদেশ পুলিশের এক এসআইকে আটকের তিন ঘণ্টা পর ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ, যিনি মাদক চোরাকারবারীদের ধরতে অভিযানে গিয়ে নো-ম্যান্স ল্যন্ডে ঢুকে পড়েছিলেন।   

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 02:21 PM

Updated : 22 Aug 2022, 11:56 AM

এদিকে এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নাগেশ্বরী থানার ওসিসহ সাত পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন জানিয়েছেন।

ওসি এসকে আব্দুল্লাহ আল সাঈদসহ প্রত্যাহার হওয়া বাকিরা হলেন- একই থানার তিন এসআই আরিফুর রহমান, শামছুল হক, আলমগীর হোসেন ও এএসআই হাসান শেখ এবং দুই কনস্টেবল আমিনুল ইসলাম ও জাহিদুল ইসলাম।  

এদের মধ্যে এসআই শামসুল বিএসএফের হাতে ধরা পড়েছিলেন। সাত জনকেই প্রত্যাহরের পর বুধবার সকালে কুড়িগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তা শাহাব।  

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে এসআই শামছুল হকসহ ছয় জনের একটি দল সিংঝাড় এলাকায় মাদকের চালান আটকের জন্য অভিযানে যায়। এসময় চোরাকারবারীদের কয়েকজন পুলিশের হাতে ধরা পড়ে। আটকরা বাকিদের ধরতে পুলিশকে সহযোগিতার কথা বলে সীমান্তবর্তী আজমাতা এলাকায় নিয়ে যায় এবং দুই মাদক চোরাকারবারীকে ধরিয়ে দেয়।

“স্থানটি ছিল ভারতীয় নো-ম্যান্স ল্যান্ড সংলগ্ন। আসামিদের নিয়ে আসার চেষ্টা করলে এক পর্যায়ে অন্য চোরাকারবারীরা সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের ধরে ফেলে এবং টেনে হিঁচড়ে নো-ম্যান্স ল্যান্ডের কাছে একটি বাড়িতে আটকে রাখে। এসময় পাঁচ পুলিশ সদস্য ধস্তাধস্তি করে পালিয়ে আসতে সক্ষম হয়। এরইমধ্যে ভারতীয় আদিয়ালডাঙ্গা বিওপি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা ঘটনাস্থলে চলে আসলে অন্যরা পালিয়ে যায় এবং অনুপ্রবেশের দায়ে এসআই শামসুলকে আটক করে।”

এ খবর জানাজানির পর বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির রামখানা ক্যাম্পের কর্মকর্তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে।

অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন জানান, ঘটনার পর তিনিসহ নাগেশ্বরীর ইউএনও আবু হায়াত মোহাম্মদ রহমত উল্যাহ ও বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জাকির হোসেন ঘটনাস্থলে অবস্থান করে সমঝোতার চেষ্টা চালান। পরে রাত সাড়ে ১১টার দিকে বিএসএফ ও বিজিবির মধ্যস্থতায় এসআই শামসুলকে বিএসএফ ফেরত দেয়।

পুরো ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা ছিল বলে মনে করেন শাহাব উদ্দিন।

“ঘটনাটির তদন্তের স্বার্থে এবং ওই থানার পুলিশদের দায়িত্বে অবহেলার কারণে সাত জনকে পত্যাহার করা হয়েছে।” 

ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।