‘শীর্ষ সন্ত্রাসী’ জোসেফের সামনে এখন কেবল ‘একটি মামলা’
আর মাত্র একটি মামলায় ‘খালাস পাওয়ার অপেক্ষায়’ আছেন নব্বইয়ের দশকের আলোচিত ‘শীর্ষ সন্ত্রাসী’ তোফায়েল আহমেদ জোসেফ, প্রায় দুই দশক ধরে যিনি কারাগারে রয়েছেন।
১৯ বছর আগে জোসেফ যখন গ্রেপ্তার হন, তার নামে ঢাকার বিভিন্ন থানায় তখন চাঁদাবাজি, খুন, অবৈধ অস্ত্র বহনের অভিযোগে অন্তত ১১টি মামলা। কেবল একটি মামলা ছাড়া সবগুলোরই নিষ্পত্তি হয়ে গেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার আইনজীবী মঞ্জুর মো. শাহনেওয়াজ টিপু।
“১৯৯৬ সালে লালমাটিয়ায় মোস্তফা নামে ফ্রিডম পার্টির এক নেতাকে গুলি করে হত্যার অভিযোগে ওই মামলা হয়েছিল। এই একটি মামলাই এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। এ মামলা থেকে খালাস পেলেই তিনি কারামুক্ত হয়ে যাবেন।”
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ওয়াদুদ আহমেদের ছোট ছেলে তোফায়েল আহমেদ জোসেফের বড় ভাই হারিস আহমেদের নামও রয়েছে পুলিশের শীর্ষ সন্ত্রাসীর তালিকায়। হারিস বর্তমানে ভারতে পালিয়ে আছেন বলে ধারণা করা হয়।
নব্বইয়ের দশকে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তাদের আরেক ভাই সাঈদ আহমেদ টিপু। আর তাদের বড় ভাই মেজর জেনারেল আজিজ আহমদ বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক।
স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে জোসেফের বড় ভাই হারিস আহমেদ নিজেকে মোহাম্মদপুর এলাকায় জাতীয় পার্টির নেতা হিসেবে পরিচয় দিতেন। এরশাদ সরকারের পতনের পর তিনি নিজের পরিচয় দিতে শুরু করেন মোহাম্মদপুর থানা যুবলীগের নেতা হিসাবে। ঢাকার ৪৪ নম্বর ওয়ার্ড থেকে কমিশনার পদে নির্বাচনও করেছিলেন তিনি।
জোসেফও এক সময় নিজেকে ছাত্রলীগের মোহাম্মদপুর থানার নেতা হিসাবে দাবি করতেন। তবে সংগঠনের কোনো পদে তিনি ছিলেন না বলে সংশ্লিষ্টরা জানান।
কিডনিসহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত জোসেফ দীর্ঘদিন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে। সম্প্রতি তাকে সেখান থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়া হয় বলে এ হাসপাতালের পরিচালক আবদুল মজিদ ভূঁইয়া জানান।
আইনজীবীর অভিযোগ, পুরোপুরি সুস্থ হওয়ার আগেই ‘বিশেষ মহলের’ চাপে জোসেফকে হাসপাতাল ছাড়তে হয়েছে। তবে এক সময়ের ‘আলোচিত’ এই শীর্ষ সন্ত্রাসীর শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য দিতে রাজি হননি হাসপাতালের পরিচালক।
জানা গেছে, হাসপাতালের প্রিজন সেলে জোসেফের সঙ্গে একই কক্ষে ছিলেন ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান রফিকুল আমিন। প্রায় ৭ মাস প্রিজন সেলে চিকিৎসা নিয়ে জোসেফ হাসপাতাল ছাড়ার এক সপ্তাহ আগে তিনিও হাসপাতাল ছাড়েন।
তোফায়েল আহমেদ জোসেফের সঙ্গে প্রিজন সেলে একাধিকবার দেখা করতে এসেছেন মোহাম্মদপুর থানা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আহমেদ নান্টু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাজনীতি বা সাংগঠনিক কারণে জোসেফ ভাইয়ের সঙ্গে দেখা করি নাই। ভাইয়ের এক সময়ের ঘনিষ্ঠ এক আত্মীয়র অনুরোধে এবং একই মহল্লার ছেলে হিসেবে তার শারীরিক অবস্থা জানতে গিয়েছিলাম।”
জোসেফকে কেমন দেখেছেন জানতে চাইলে নান্টু বলেন, “ভাইয়ের শরীর ভাল না। আমাকে বলেছেন, মামলা থেকে খালাস পেলে বিদেশ চলে যাওয়ার ইচ্ছা আছে তার।”
ফ্রিডম পার্টির নেতা মোস্তফা হত্যা মামলায় ২০০৪ সালে জোসেফকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার জজ আদালত।
২০০৮ সালে হাই কোর্টও সেই রায় বহাল রাখে। এরপর তার আইনজীবীরা লিভ টু আপিল চাইলে সুপ্রিম কোর্ট তা মঞ্জুর করে বলে শাহনেওয়াজ টিপু জানান।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ফরমান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জোসেফ অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হওয়ার পর আবার কারাগারে ফিরে এসেছেন।”
