কুড়িগ্রামে ছেলের হাতে মা খুন
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন ছেলে।
মঙ্গলবার সকালে উপজেলঅর চাকিরপশার ইউনিয়নের অর্জুন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রোকেয়া বেগম (৫০) ওই গ্রামের আব্দুস ছাত্তারের স্ত্রী।
এ ঘটনায় ছেলে রেজাউল ইসলামকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজারহাট থানার ওসি আব্দুর রশিদ জানান, রেজাউল মানসিক ভারসাম্যহীন হওয়ায় বাড়িতে পায়ে বেড়ি পরিয়ে রাখা হতো তাকে।
সকাল সাড়ে ৯টার দিকে রোকেয়া বেগম রান্না করছিলেন। এ সময় রেজাউল কুড়াল দিয়ে মায়ের মাথায় আঘাত করে।
প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাকে রাজারহাট হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে আব্দুস ছাত্তার বাদী হয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।
