গোপন প্রশিক্ষণ কেন্দ্রে ১৩ জামায়াত-শিবির আটক
লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় গোপন প্রশিক্ষণ কেন্দ্র থেকে ১৩ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১২টার দিকে পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর শিফার কামাত এলাকার আয়নাল হকের বাড়ি থেকে জিহাদী বই ও খাতাপত্রসহ তাদের আটক করা হয়।
পাটগ্রাম থানার ওসি রেজাউল করিম বলেন, গোপন সংবাদ পেয়ে আয়নাল হকের বাড়িতে অভিযান চালিয়ে প্রশিক্ষণ চলাবস্থায় তাদের আটক করা হয়েছে। এ সময় জিহাদী বই, খাতাপত্রসহ প্রশিক্ষণের বেশকিছু উপকরণ উদ্ধার করে পুলিশ।
তিনি বলেন, ওই বাড়িতে তিন বছর ধরে জামায়াত শিবিরের গোপন বৈঠক ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন।
আটকরা হলেন ওই এলাকার মনসুর আলীর ছেলে আয়নাল হক (৩২), রফিকুল ইসলামের ছেলে মাসুদ রানা (১৯), মোশারফের ছেলে ফরহাদ হোসেন (১৬), নজরুল ইসলামের ছেলে সাকিল হোসেন (১৬), আজিজুল ইসলামের ছেলে জিয়াউর রহমান জিবু (২৫), শমসের আলীর ছেলে রোকনুজ্জামান (২৫), প্রাণকৃষ্ণ গ্রামের সোলেমান আলীর ছেলে হাসান (২১), পশ্চিম জগতবেড় আওয়ার বাড়ির মাহবুবার রহমানের ছেলে নুর আলম (১৬), আমিনুর ইসলামের ছেলে আলতাব হোসেন (২২), কচুয়ারপাড় গ্রামের বদিয়ার রহমান মুন্সির ছেলে নুরল হুদা (১৯), হাতীবান্ধার দালালপাড়া গ্রামের আবু বক্করের ছেলে আব্দুর রহিম (২০), বড়খাতা গ্রামের হোসেন আলীর ছেলে জমশের আলী (৩৫), গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার নান্দিশহর গ্রামের সহিদুল ইসলামের ছেলে প্রশিক্ষক এবং কেন্দ্রীয় শিবির নেতা রতন মিয়া (২২)।
