রাবি শিক্ষক শফিউল হত্যা: নারী কর্মকর্তা হেফাজতে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞানের অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলাম হত্যা মামলায় এক নারী কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
মহানগর গোয়েন্দা পুলিশের ওসি জাহিদুর রহমান জানান, সোমবার রাজশাহী মহানগর হাকিম জয়ন্ত রানী দাস এ আদেশ দেন।
এর আগে নাসরিন আখতার রেশমা নামের ওই কর্মকর্তাকে আদালতে হাজির করে সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিশ।
ওসি জাহিদুর বলেন, বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের সহকারী সেকশন অফিসার নাসরিন আখতার রেশমকে গত ৭ মার্চ গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল।
রেশমার স্বামী আব্দুস সালাম পিন্টু ঘটনার এক সপ্তাহের মধ্যে র্যাবের হাতে গ্রেপ্তার হন।
গ্রেপ্তারের পর পিন্টু দাবি করেছিলেন রেশমার সঙ্গে খারাপ আচরণ করার প্রতিশোধ নিতে অধ্যাপক শফিউল ইসলাকে হত্যা করা হয়।
পিন্টুর দেওয়া তথ্য যাচাই-বাছাই করতে রেশমাকে রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানান ওসি জাহিদুর।
গত বছরের ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপকন্ঠে চৌদ্দপাই এলাকায় বাসার সামনে খুন হন রাবি শিক্ষক ও বাউল সাধক অধ্যাপক একেএম শফিউল ইসলাম।
ঘটনার ৫ ঘণ্টার মাথায় ফেইসবুকে হত্যার দায় স্বীকার করে স্ট্যাটাস দেয় জামায়াত-শিবির নিয়ন্ত্রিত উগ্র-মৌলবাদী জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম বাংলাদেশ-২।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মতিহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ হত্যা মামলাটি প্রথমে তদন্ত করেন মতিহার থানার তৎকালীন ওসি আলমগীর হোসেন। পরে গত ২১ জানুয়ারি মামলাটি মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় স্থানান্তর করা হয়।
