২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএফসি আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

বিশ্ব ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) থেকে পাওয়া তহবিল ব্যবস্থাপনায় নতুন আইন করার প্রস্তাবে সম্মতি দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 06:34 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘দি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন আইন, ২০১৫’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, ১৯৭৬ সালে সামরিক শাসনামলে জারি করা ‘ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন অর্ডিনেন্স’ এর মাধ্যমে আইএফসির তহবিল ব্যবস্থাপনার কাজটি আগে করা হতো। ২০১০ সালে সর্বোচ্চ আদালতের রায়ে অন্য সব সামরিক অধ্যাদেশের মতো ওই অধ্যাদেশটিও বাতিল হয়ে যায়।

“সর্বোচ্চ আদালত ও মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ১৯৭৬ সালের অধ্যাদেশটিকে নতুন করে আইনি রূপ দিতে এ আইন করা হচ্ছে।”

আইনটি আকারে ‘খুবই ছোট’ মন্তব্য করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এখানে আটটি ধারা আছে। আইএফসি থেকে যে অর্থ পাব তা প্রজাতন্ত্রের সংযুক্ত তহবিলে জমা হবে। আইএফসিকে চাঁদা দিতে হলে বা অর্থ পরিশোধ করতে হলে প্রজাতন্ত্রের সংযুক্ত তহবিল থেকেই তা করা হবে।”

আইএফসি থেকে বাংলাদেশ যে বিদেশি মুদ্রা পাবে বাংলাদেশ ব্যাংক তার সংরক্ষক (কাস্টোডিয়ান) হবে বলেও উল্লেখ করেন এই জ্যেষ্ঠ সচিব।

অধ্যাদেশকে আইনে পরিণত করার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হচ্ছে কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, অধ্যাদেশটি ছিল ইংরেজিতে। আর আইনটি করা হচ্ছে বাংলায়।

“শুধু একটি ধারায় এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) পরামর্শে একটি বিষয় সংযোজন করা হয়েছে। এতে বলা হয়েছে আইএফসি কর্মকর্তারা বাংলাদেশে তাদের ব্যবহার্য পণ্য আনার ক্ষেত্রে নির্ধারিত শুল্ক রেয়াতের বাইরে অতিরিক্ত কোনো সুবিধা পাবেন না।”

এর ব্যাখ্যায় সচিব বলেন, জাতিসংঘ, বিভিন্ন কূটনৈতিক মিশন বা আন্তর্জাতিক সংস্থা ও তাদের কর্মীরা তাদের ব্যবহারের জন্য কোনো পণ্য বাংলাদেশে আনলে তা শুল্কমুক্ত হয়।

“এখানে এনবিআরের পরামর্শে বিষয়টিকে একটু বিস্তৃত করা হয়েছে, যাতে তারা অতিরিক্ত কোনো রকম শুল্ক রেয়াত পেতে না পারে, অবারিত সুবিধা দেওয়া না হয়।”

বৈঠকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আইন-২০১৫ এর খসড়াতেও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান সচিব।