২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী শিক্ষাবোর্ড চত্বরে বোমা বিস্ফোরণ

বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালে রাজশাহী শিক্ষাবোর্ড কার্যালয় চত্বরে হাতবোমা ফাটিয়েছে দুর্বৃত্তরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 06:15 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

নগরীর রাজপাড়া থানার ওসি মেহেদী হাসান বলেন, সোমবার সকাল ১০টার দিকে বোর্ডের ফুল বাগানের পাশে বোমাটি বিস্ফোরিত হয়। তবে কেউ হতাহত হয়নি।

অবরোধ ও হরতাল সমর্থকরা আতঙ্ক সৃষ্টি করতে বোর্ডের সীমানা প্রাচীরের বাইরে থেকে কেউ হাতবোমাটি ছুড়ে মারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এই পুলিশ কর্মকর্তা।

জানুয়ারি থেকে দুই মাসের বেশি সময় ধরে টানা অবরোধ আর ফাঁকে ফাঁকে হরতালে সারাদেশে নাশকতা ও যানবাহনে পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

এসএসসি পরীক্ষা শুরুর আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে টানা অবরোধের পাশাপাশি নিয়মিতভাবে ডাকা হচ্ছে হরতাল।

চলতি মাসের শুরু থেকে অবরোধ-হরতালে পেট্রোল বোমার ঘটনা কমে আসলেও বিভিন্ন শিক্ষাবোর্ড চত্বরে হাতবোমা নিক্ষেপ এবং বেশকিছু ভূমি অফিসে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।