সিলেটে স্কুলছাত্র হত্যা: এক আসামি হেফাজতে
সিলেটের স্কুলছাত্র আবু সাঈদ অপহরণ ও হত্যা মামলার আসামি পুলিশের কথিত সোর্স আতাউর রহমান গেদাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান জানান, সোমবার সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালত-১ এর বিচারক সাহেদুল করিম এ আদেশ দেন।
এর আগে তাকে ওই আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিম পাটওয়ারী।
এছাড়া সোমবার বিকালে মামলার আরেক আসামি জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক পরিচয়দানকারী আবদুর রকিব আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন বলে জানান ওসি আসাদুজ্জামান।
এর আগে রোবাবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন মহানগর পুলিশের বিমানবন্দর থানার পুলিশ কনস্টেবল এবাদুর রহমান।
গত বুধবার বেলা সাড়ে ১১টায় স্কুল থেকে ফেরার পথে শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র আবু সাঈদ অপহরণের শিকার হয়।
এরপর অপহরণকারীরা তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল।
এরপর পুলিশ সদস্যসহ তিন জনকে আটক করলে তারা সাঈদকে খুনের কথা স্বীকার করে।
তাদের স্বীকারোক্তি মতে শনিবার রাত পৌনে ১২টায় নগরীর ঝর্ণার পাড় সুনাতলা এলাকার সবুজ-৩৭ নম্বর বাসা থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন
আবু সাঈদ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক ও এলাকাবাসী।
সোমবার সকাল সাড়ে ১০টায় শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় ম্যানেজিং কমিটি, ঝরণা তরুণ সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশ নেন কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেট ইসলামী একাডেমীর ছাত্র-ছাত্রীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নজমুল ইসলাম এহিয়া, কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল খালিক, ইসলামী একাডেমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, বসুন্ধরা সমাজকল্যাণ সংস্থার সভাপতি সালাউদ্দিন মামুন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক সাহেদ আহমদ, হাজী শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাবেরী রানী দেবী, বিদ্যালয়ের সহসভাপতি এসএম শওকত আমীন তৌহিদ, ঝরণা তরুণ সংঘের সভাপতি লায়ন সাজুওয়ান আহমদ প্রমুখ।
