নেত্রকোণা হাসপাতাল থেকে নবজাতক চুরি
নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল থেকে একদিন বয়সী এক নবজাতক চুরি হয়েছে।
সিভিল সার্জন বিজন কান্তি সরকার জানান, সোমবার সকাল ৯টার দিকে হাসপাতালের লেবার ওয়ার্ড থেকে নবজাতক চুরি হয়েছে বলে শিশুটির মা অভিযোগ করেছেন।
শিশুটি উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে বলে জানান তিনি।
চুরি যাওয়া নবজাতক সদর উপজেলার রৌহা ইউনিয়নের তেলীগাতী গ্রামের উজ্জ্বল মিয়া ও সাথী আক্তারের সন্তান।
সাথী আক্তারের অভিযোগ, হাসপাতালে ভর্তির পর লেবার ওয়ার্ডে বেড না পেয়ে মেঝেতে অবস্থান করছিলেন তিনি। রোববার রাতে তার একটি ছেলে হয়।
সকাল ৯টার দিকে ওয়ার্ড পরিষ্কার করার কথা বলে রোগীর স্বজনদের বাইরে যেতে বলেন দায়িত্বরত নার্স ও আয়া। ওই নির্দেশনা অনুযায়ী ছেলের সঙ্গে থাকা সাথীর মা অন্যদের মতো বাইরে যান।
সাথী বলেন, ওই সময় এক বোরখা পরা এক নারী শিশুটিকে কোলে নিয়ে ওয়ার্ডের বাইরে থাকা সাথীর মায়ের কাছে দেওয়ার কথা বলে ওয়ার্ড থেকে বেরিয়ে যায়। এরপর ওই নারী ও শিশুটিকে আর পাওয়া যায়নি।
