২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে আনাসরের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

কক্সবাজারের টেকনাফের হ্নীলা নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে আনসারের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 10:20 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

রোববার দুপুরে এ ঘটনায় আনসার সদস্যসহ গুলিবিদ্ধ হন তিনজন।

নিহত আবদুল হাফেজের (৩৮) বিরুদ্ধে থানায় নারী নির্যাতন ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের ইনচার্জ জালাল উদ্দিন জানান, ডাকাত দলের সদস্য মো. ছাদেক সকালে রোহিঙ্গা শিবিরের এক যুবতীকে নির্যাতনের চেষ্টা করে।

ওই সময় যুবতীর মা বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে।

পরে দুপুরের দিকে একই শিবিরের অপর একটি কক্ষে ছাদেক অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে শিবিরের দায়িত্বরত আর্মড আনসার বাহিনীর সদস্যরা তাকে আটক করে ব্যারাকে নিয়ে যান।

এর ঘণ্টাখানেক পর ছাদেক অসুস্থতার ভান করলে আনসার সদস্যরা চিকিৎসা কেন্দ্রে নেওয়ার পথে আবদুল হাফেজের নেতৃতে ১০-১২ জনের ডাকাতদল আনসার সদস্যদের উপর হামলা চালিয়ে মো. ছাদেককে ছিনিয়ে নেয়।

জালাল উদ্দিন আরও জানান, খবর পেয়ে আরও কয়েকজন আনসার সদস্য এগিয়ে আসলে ডাকাতরা তাদের লক্ষ্য করে ১২-১৫ রাউন্ড গুলিবর্ষণ করে।

এ সময় আত্মরক্ষার্থে আনসার সদস্যরা ছয় রাউন্ড ফাকা গুলিবর্ষণ করে।

এ সংঘর্ষে আনসার সদস্য হরিপদ দাশ (৩২), মো. মোশারফ হোসেন (৩৮) এবং ডাকাত মো. রফিক (৩০) ও আবদুল হাফেজ (৩৮) আহত হয়।

এরমধ্যে আবদুল হাফেজকে আটক করতে সক্ষম হলেও মো. ছাদেক ও গুলিবিদ্ধ অবস্থায় মো. রফিক পালিয়ে যায়।

কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সে চিকিৎসাধীন অবস্থায় আবদুল হাফেজের মৃত্যু হয়।

টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান খন্দকার জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়া চলছে। বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত ডাকাত আবদুল হাফেজের বিরুদ্ধে থানায় নারী নিযাতন, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে।