মংলায় ছাদ ধস: ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন
মংলায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত শ্রমিক পরিবারগুলোকে ক্ষতিপূরণ ও অহত শ্রমিকদের চিকিৎসা ব্যয় বহনের দাবিতে মানববন্ধন করেছে দুটি শ্রমিক সংগঠন।
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) ও বাংলাদেশ ট্রেড ইউনিয়নের নেতাকর্মীরা এই মানববন্ধন করেন।
বক্তারা বলেন, মংলায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত শ্রমিকদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ ও আহত শ্রমিকদের চিকিৎসা ও পর্যায়ক্রমে ক্ষতিপূরণ, ভবন ধসের কারণ উদঘাটনের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে হবে।
বৃহস্পতিবার মংলায় সেনাকল্যাণ সংস্থার সিমেন্ট কারখানায় নির্মাণাধীন ওই ভবন ধসে সাত জন নিহত হয়, আহত হয় অন্তত অর্ধশত।
ঘটনর পর বাগেরহাট জেলা প্রশাসন লাশ সৎকারের জন্য নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়। এছাড়া আহতদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
নির্মাণাধীণ ওই ভবনের তদারককারীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন শ্রমিক নেতারা।
তারা বলেন, নিহত ও আহত শ্রমিকদের প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে আর্থিক অনুদানের ব্যবস্থা করতে হবে।
ইনসাব এর কার্যকরী কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক ওয়াজেদ উল উসলাম খান, ইনসাব এর সাধারণ সম্পাদক মো. অব্দুর রাজ্জাক প্রমূখ।
একই দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন আলাদা মানববন্ধন করে।
