২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে জুয়াড়িদের হামলায় এএসপি-ওসিসহ ৮ পুলিশ আহত

খাগড়াছড়ির কমলছড়িতে জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে হামলায় সহকারী পুলিশ সুপার (এএসপি), ওসিসহ আট পুলিশ সদস্য আহত হয়েছেন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 09:40 AM

Updated : 22 Aug 2022, 11:54 AM

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনায় সদর থানার ওসির গাড়ি ভাংচুর করা হয়েছে।

এ ঘটনায় এখনো কেউ আটক না হলেও শনিবার সকালে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত শতাধিককে আসামি করে পুলিশ মামলা দায়ের করেছে বলে সদরের ওসি মিজানুর রহমান জানিয়েছেন।

হামলাকারীদের ছোড়া ইটে সদর সার্কেলের এএসপি সারোয়ার আলমের মাথা ফেটেছে। এছাড়া ওসি মিজানুর রহমান, এএসআই তরুণ চাকমা, মোহাম্মদ বেলাল হোসেন, কনস্টেবল আবুল কালাম, নাজির হোসেন, রানা প্রতাপ ও মোহাম্মদ আরিফ ইট-পাটকেলে হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।

তাদের সবাইকে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত এএসপি সারোয়ার বলেন, কমলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মেলা প্রাঙ্গণে জুয়ার আসর বসানোর খবর পেয়ে রাতে তারা অভিযানে যান।

“ঘটনাস্থলে পৌঁছামাত্র জুয়াড়িরা সংঘবদ্ধ হয়ে পুলিশের দিকে ঢিল ছুড়তে শুরু করে। তারা ওসি মিজানুর রহমানের গাড়িও ভাংচুর করে।”

জেলার পুলিশ সুপার শেখ মোহাম্মদ মিজানুর রহমান এই হামলায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।