২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় শিবিরকর্মী গ্রেপ্তার, বোমায় ৩ পুলিশ আহত

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার আসামি ধরার অভিযানে শিবিরকর্মীদের ছোড়া হাতবোমায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2015, 03:48 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে শহরের শিবতলা এলাকায় এ ঘটনার সময় গুলিবিদ্ধ অবস্থায় এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মোর্ত্তুজা।

গ্রেপ্তার জীবন (১৮) শিবিরকর্মী আরিফ হত্যা মামলার ১ নম্বর আসামি। তিনি শহরেরর শিবতলা নতুনপাড়া মহল্লার কাউসার আলীর ছেলে।

ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তারের পর তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

আহত পুলিশ সদস্যরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই মনির এবং দুই কনস্টেবল রাসেদুজ্জামান ও বাবুল।

ওসি গোলাম মোর্ত্তুজা বলেন, আরিফ হত্যা মামলার আসামি কয়েকজন শিবিরকর্মী শহরের শিবতলা প্রাইমারি স্কুলের পেছনে গোপন বৈঠক করছে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে দুটি হাতবোমা ছুড়ে পালানোর চেষ্টা করলে বিস্ফোরিত একটি হাত বোমার স্প্লিন্টারে ওই তিন পুলিশ সদস্য আহত হন।

এক পর্যায়ে পুলিশ চার রাউন্ড শটগানের গুলি ছুড়লে শিবিরকর্মী জীবনের ডান পায়ের গোঁড়ালিতে গুলিবিদ্ধ হয়। পুলিশ তাকে আহত অবস্থায় গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।

বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র ও শিবিরকর্মী আরিফুল ইসলাম আরিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।

আরিফ সম্প্রতি শিবিরে নিষ্ক্রিয় হয়ে পড়লে তাকে নিয়ে দলের মধ্যে সন্দেহের সৃষ্টি হয় এবং ওই কোন্দলের জের ধরে অন্য শিবিরকর্মীরা তাকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ তুলে থানায় হত্যা মামলা করেছে তার পরিবার।

ওসি জানান, আরিফ হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে তার বড়ভাই মাসুদ রানা জামায়াত-শিবিরের প্রথম সারির ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ১০/১২ জনকে আসামি একটি মামলা করেছেন।

শুক্রবার সকালে এ মামলার দুই আসামি রেহাইচর আদর্শপাড়ার দানেশ আলীর ছেলে সোহেল রানা (২২) ও তার ছোট ভাই জুয়েলকে (২০) আটক করা হয়েছে বলে জানান তিনি।