সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে জোর প্রধানমন্ত্রীর
দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার নিজের কার্যালয়ে ‘জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলপত্র চূড়ান্তকরণ’ সভায় তিনি এ বিষয়ে তাগিদ দেন।
সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, সরকার সামাজিক নিরাপত্তা নিশ্চিতে বেশি জোর দিয়েছে। কারণ দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের লক্ষ্য।”
দীর্ঘমেয়াদী সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করে সরকার প্রথম বছর থেকেই এ খাতে অর্থ বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলেও প্রেস সচিব জানান।
শামীম চৌধুরী বলেন, “২০২১ সালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলপত্র প্রণয়ন করা হচ্ছে।”
তিনি জানান, তিন ধাপে সামাজিক নিরাপত্তা কৌশলপত্র বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে ২০১৫ থেকে ২০২০, দ্বিতীয় ধাপে ২০২১ থেকে ২০২৬ এবং এর পরবর্তীয় পর্যায় বাস্তবায়িত হবে তৃতীয় ধাপে।
সভার কার্যপত্র থেকে জানা যায়, সামাজিক নিরাপত্তা বাড়াতে বর্তমানে বাংলাদেশে ১৪৫টি কর্মসূচি চলছে; যা খাত ও ভৌগলিক অঞ্চলভেদে ৩৫টি মন্ত্রণালয়/বিভাগ/সংস্থা বাস্তবায়ন করছে।
২০১৪-১৫ অর্থবছরের বাজেটে ‘সামাজিক নিরাপত্তা বেষ্টনি’ খাতে বরাদ্দ রয়েছে ৩ দশমিক ৯ বিলিয়ন ডলার; যা মোট জিডিপির ২ দশমিক ৩ শতাংশ।
ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় এ বরাদ্দ জিডিপির ৩ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। সেইসঙ্গে ‘জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলপত্র’ প্রণয়নেরও সুপারিশ রাখা হয়েছিল।
শামীম চৌধুরী জানান, কৌশলপত্রের প্রস্তাব অনুযায়ী প্রথম বছরে (২০১৫-১৬) এ খাতে ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার কথা বলা হয়েছে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সমাজকল্যাণ মন্ত্রী মহসীন আলী, ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান এবং মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞাসহ সংশ্লিষ্ট সচিবরা সভায় উপস্থিত ছিলেন।
