২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ভয়ে পালাতে গিয়ে প্রাণ গেল বাইক চালকের

সিরাজগঞ্জের সলঙ্গায় পুলিশের ভয়ে পালানোর সময় ট্রাকচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরেক আরোহী।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 02:09 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

সলঙ্গা থানার এএসআই আব্দুল খালেক জানান, বুধবার বেলা ১২টার দিকে পাটধারী বাজার এলাকায় বগুড়া-নগরবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহসিন (২৮) সলঙ্গা থানার কালিপুর গ্রামের বাসিন্দা। তার সঙ্গী আহত হাফিজকে (২৫) স্থানীয় ক্লিনিকে ভর্তি করেছে পুলিশ।

খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক মোটারসাইকেলে দুইজন ওঠায় চেক পোস্টে তাদের থামার সংকেত দিয়েছিল পুলিশ।

“কিন্তু তারা না থেমে গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মহসিন মারা যান।”

পরে হাফিজকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে পাঠায় পুলিশ।

এএসআই খালেক জানান, ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। তবে ট্রাক চালক ও তার সহকারী পালিয়েছে।

বিএনপি জোটের অবরোধ-হরতালের মধ্যে মোটরসাইকেল ব্যবহার করে যানবাহনে নাশকতার ঘটনা বেড়ে যাওয়ায় গত জানুয়ারি মাসে এক মোটর সাইকেলে একাধিক ব্যক্তির চড়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।