জলাশয় ভরাট বুঝতে গুগল ম্যাপ চাইলো হাই কোর্ট
রাজধানীর ‘আফতাব নগর বনশ্রী হাউজিং’ প্রকল্পে কী পরিমাণ জলাশয় গত তিন বছরে ভরাট হয়েছে তা বুঝতে গুগল ম্যাপ চেয়েছে হাই কোর্ট।
ওই প্রকল্পের জলাশয় ও পানি প্রবাহ এলাকায় তিন মাসের স্থিতাবস্থা জারির পাশাপাশি দুটি রুলও জারি করেছে আদালত।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।
পরিবেশ সচিব, ভূমি সচিব ও রাজউক চেয়ারম্যানকে ছয় সপ্তাহের মধ্যে ওই প্রকল্প এলাকার ২০১২, ২০১৩ ও ২০১৪ সালের গুগল ম্যাপ আদালতে জমা দিতে হবে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে গত ৫ মার্চ দায়ের করা এই রিট আবেদনের ওপর শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
তাপস পরে সাংবাদিকদের বলেন, “আদালত সংশ্লিষ্ট প্রকল্প এলাকার তুলনামূলক চিত্র বুঝতে তিন বছরের গুগল ম্যাপ চেয়েছে। আমার জানা মতে বাংলাদেশের উচ্চ আদালতে গুগল ম্যাপ ডকুমেন্ট হিসাবে তলবের ঘটনা এই প্রথম।”
মনজিল মোরসেদ বলেন, প্রচলিত ভূমি রেকর্ডে জলাশয় ও পানি প্রবাহের অঞ্চল বোঝা কঠিন।
“এগুলোতে অনেক জায়গায় জলাশয় দেখানো আছে, যা এখন বাস্তবে নেই। সাম্প্রতিক চিত্র ওই সব রেকর্ড দিয়ে বোঝা সম্ভব নয়। এ কারণে গুগল ম্যাপের বিষয়ে আদালতে আর্জি জানিয়েছি। আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন।”
আদালত বলেছে, ওই প্রকল্পের জলাশয় ও পানি প্রবাহ এলাকায় আগামী তিন মাস স্থিতাবস্থা বজায় রাখতে হবে। অর্থাৎ সেখানে জলাশয় ভরাট, দখল, স্থাপণা নির্মাণ বা কোনো ধরনের পরিবর্তন আনা যাবে না।
পাশাপাশি ওই প্রকল্পের জলাভূমি রক্ষায় ‘বিবাদীদের নিষ্ক্রিয়তা’ কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ‘অবৈধভাবে ভরাটকৃত’ মাটি অপসারণের নির্দেশ কেন দেয়া হবে না- তা জানতে চেয়ে দুটি রুল দিয়েছে আদালত।
পরিবেশ সচিব, গণপূর্ত সচিব, ভূমি সচিব, রাজউক চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালককে (এনফোর্সমেন্ট) চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।
