নাতি-নাতনিকে নিয়ে শঙ্কায় ছাবেরের বৃদ্ধা মা
নাতি-নাতনির ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রয়েছেন বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধে দগ্ধ সিএনজি অটোরিকশা চালক ছাবের আহম্মেদের বৃদ্ধা মা তামান্না বেগম।
হাটহাজারীর মীর্জাপুর ইউনিয়নের চারিয়া মাদ্রাসা এলাকায় গত ৪ মার্চ পেট্রোল বোমায় দগ্ধ ছাবের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রয়েছেন।
এ ঘটনায় দগ্ধ অপরজন রনজিৎ নাথ বৃহস্পতিবার রাতে মারা যায়।
চিকিৎসকরা জানিয়েছে, ছাবেরের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
আহত ছাবেরের মা তামান্না বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চারবছর বয়সী ছেলে ও ১২ দিন বয়সী মেয়ের বাবা ছাবের। ঘটনার এক সপ্তাহ আগে কণ্যা সন্তানের বাবা হয় সে।
তিনি আরও জানান, চার সন্তানের মধ্যে সবার ছোট ছাবের। সিএনজি অটোরিকশা চালিয়ে পরিবারের খরচ বহন করে ছাবের। ছোট ছেলের সাথেই স্বামীকে নিয়ে থাকেন তামান্না।
তামান্না বলেন, “হৃদরোগে আক্রান্ত স্বামীকে হাসপাতাল থেকে বাড়ি নেওয়ার তিনদিন পরই দগ্ধ হয় ছাবের।
“চার বছরের নাতি সামির তার বাবাকে দেখে চিনতে পারছে না। ছেলে বৌ শয্যাশায়ী, সদ্য হাসপাতাল থেকে বাড়ি ফেরা ছাবেরের বাবাও এ খবর শুনে ভেঙ্গে পড়েছেন”, বলেন তামান্না।
এসব কিছু মিলিয়ে নিজের নাতি-নাতনীদের ভবিষ্যত নিয়ে শঙ্কায় পড়েছেন তিনি।
এদিকে আহত ছাবেরকে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
সোমবার বিকালে ছাবেরের মার হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ) একেএম শহীদুর রহমান।
