২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বোমা ছুড়ে পালানোর সময় দুই যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় ‘বঙ্গবন্ধু স্মৃতি সংসদ’ কার্যালয়ে পেট্রোল বোমা ছুড়ে পালানোর সময় দুই যুবককে ধরে পুলিশে দিয়েছে জনতা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 06:29 PM

Updated : 22 Aug 2022, 11:52 AM

পাহাড়তলীর ওসি আজিজুর রহমান জানান, রেলওয়ে সিগন্যাল কলোনি থেকে রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন মো. আতিক (১৮) ও মো. বাপ্পী (১৬)। তারা স্থানীয় বিএনপির রাজনীতিতে জড়িত বলে পুলিশকে জানিয়েছে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আতিক ও বাপ্পি বঙ্গবন্ধু স্মৃতি সংসদ লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে এবং কয়েকটি হাতবোমা ফাটায়। এ সময় স্থানীয়রা তাদের আটক করে এবং ওই এলাকায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাদের গ্রেপ্তার করে।

“তারা জিজ্ঞাসাবাদে বলেছে, বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তারা অংশ নেয় এবং নেতাদের নির্দেশে এ ঘটনা ঘটায়।”

এদিকে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ১৩ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অবরোধ ও হরতালে নাশকতারোধে রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত সীতাকুণ্ড, হাটহাজারি, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাসান জানান।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে নয়জন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কর্মী, বাকিরা বিএনপির।