২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর পৌর নির্বাচনে যাচ্ছে না বিএনপি

আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য চাঁদপুর পৌরসভা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 10:16 PM

Updated : 22 Aug 2022, 11:51 AM

রোববার সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, তড়িঘড়ি করে পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করে ভোটারবিহীন অবৈধ নির্বাচন করার পাঁয়তারা চলছে, যা অনুষ্ঠিত হলেও প্রশ্নবোধক থেকে যাবে।

এই অবস্থায় নির্বাচনে অংশগ্রহণ করার মতো কোনো পরিবেশ না থাকায় জেলা বিএনপির সকল যুগ্ম আহ্বায়কদের গুরুত্বপূর্ণ সভার সিদ্ধান্তের আলোকে জেলা বিএনপি চাঁদপুর পৌরসভার নির্বাচন বর্জন করছে।

নয় বছর পর এ পৌরসভায় নির্বাচন হতে যাচ্ছে। গত ১৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন চাঁদপুর পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করে।

সর্বশেষ ২০০৫ সালের ২৮ ডিসেম্বর চাঁদপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মেয়র পদে বিজয়ী নাছির উদ্দিন আহমেদ দায়িত্ব পালন করছেন।

গত ২৬ ফেবরুয়ারি মনোনয়নপত্র জমাদান ও ১ মার্চ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ মার্চ। ১১ মার্চ প্রতীক বরাদ্দ। ভোটগ্রহণ ২৯ মার্চ।

নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী হচ্ছে ১৫৬ জন। এর মধ্যে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ১১৭ জন ও সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩২ জন।