জঙ্গিবাদ রোধে বিশেষায়িত ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
জঙ্গিবাদ মোকালোয় বিশেষায়িত ইউনিট গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে এ তথ্য জানান তিনি।
তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নাশকতা রোধে কোনো আলাদা ফোর্স গঠনের চিন্তাভাবনা বর্তমান সরকারের আপাতত নেই। তবে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোবালোয় বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোতে একটি বিশেষায়িত ইউনিট গঠনের প্রস্তাব সরকারের বিবেচনাধীন রয়েছে।
তিনি জানান, বিভিন্ন অপরাধ মোকাবেলায় বর্তমান সরকার পুলিশ বাহিনীতে আরো ৫০ হাজার জনবল বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনসহ নাশকতা রোধে পুলিশের সক্ষমতা অনেকাংশে বাড়বে।
আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, জাতির পিতার হত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের মধ্যে ৫ জন আসামির দণ্ড কার্যকর করা হয়। একজন জিম্বাবুয়েতে মৃত্যুবরণ করেছে।
বাকি ছয় আসামির তালিকা তুলে ধরে তিনি জানান, আমেরিকা ও কানাডা অবস্থানকারী রাশেদ চৌধুরী ও নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে যোগাযোগ অব্যাহত রয়েছে। পলাতকরা যাতে অন্য কোনো দেশে নাগরিকত্ব নিতে না পারে সেজন্যে সংশ্লিষ্ট দেশগুলোকে অনুরোধ করা হয়েছে।
বিকালে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। মন্ত্রীদের নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
খালেদা-অমিত কথিত ফোনালাপে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার ব্যাপারে সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে সমন্বিত কূটনৈতিক ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নানা পদক্ষেপে সীমান্তে বাংলাদেশি হত্যা দ্রুত ও উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানান তিনি।
অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, সম্প্রতি বিএনপি চেয়ারপার্সনের ভারতের বিজেপি সভাপতির সঙ্গে টেলিফোন আলাপের মিথ্যা গল্প প্রচারে দেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
“তবে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে এবং ভারতের বিজেপি ও কংগ্রেস উভয় দলের সঙ্গে আওয়ামী লীগের বর্তমান যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বিদ্যমান, তাতে এ ঘটনায় দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।”
এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের ছয়জন কংগ্রেসম্যানের জাল স্বাক্ষরের বিবৃতি প্রচারের ঘটনায় বিব্রতকর পরিস্থিতির উদ্ভব হয়েছিল।
ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে এসব হীন কার্যকলাপ থেকে নিজেদের দূরে রাখার জন্যে আহ্বান জানান মন্ত্রী।
আরেক জবাবে মন্ত্রী জানান, বর্তমানে ৫৩টি দেশে বাংলাদেশের ৬৯টি মিশন রয়েছে। এছাড়া পোল্যান্ড ও পেনমার্কে আরো দুটি পূর্ণাঙ্গ দূতাবাস স্থাপনের সব প্রক্রিয়া চূড়ান্ত রয়েছে।
বাংলাদেশে ৪৭টি দূতাবাস রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি বাস্তবায়নের বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ভারত সরকার শিগগির তাদের সংবিধান সংশোধনী বিল সংসদে অনুমোদনের গুরুত্বপূর্ণ অনুসমর্থন প্রক্রিয়া সম্পন্ন করতে সফল হবে।
