২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাটছে বাধা, বাড়ছে পদচারণা

রান্নাঘরে বিচরণ আর চার দেওয়ালে বন্দি জীবন পেরিয়ে বাইরের জগতে পদচারণা অনেক আগেই; শিক্ষার পাশাপাশি কর্মজীবনের নানা ক্ষেত্রে পুরুষের সঙ্গে তাল মিলিয়েই এগোচ্ছে নারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হাসিবা আলী বর্ণা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 03:07 PM

Updated : 12 Oct 2022, 03:23 PM

সেই চলার পথে পুলিশের মতো ঝুঁকিপূর্ণ কাজের পেশায়ও পিছিয়ে নেই তারা। বর্তমানে পুলিশ বাহিনীর নীচের সারির সব পর্যায়ে যেমন নারীর সরব উপস্থিতি দেখা যায়, তেমনি উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ পদেও আসছেন তারা।

বিসিএসের মাধ্যমে নিয়মিতভাবেই পুলিশ কর্মকর্তা হিসেবে যোগ দিচ্ছেন নারী, যারা কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ  সিদ্ধান্ত গ্রহণ এবং নীতিনির্ধারণীতে ভূমিকা রাখছেন।

নারী কর্মকর্তা আসায় শুধু পুলিশ প্রশাসনেই নয়, পুরো কমিউনিটির ওপর ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করেন এসপি আমেনা বেগম।

বর্তমানে নরসিংদীতে পুলিশ সুপারের দায়িত্বে থাকা এই নারী কর্মকর্তা সন্তোষ জানিয়েছেন পুলিশের উচ্চ পর্যায়ে নারীর নিযুক্তিতে।

বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আছেন অতিরিক্ত আইজিপি ফাতেমা বেগম, যিনি পুলিশ স্টাফ কলেজের রেক্টরের দায়িত্ব পালন করছেন।

এছাড়া ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের প্রধানের দায়িত্বে আছেন ডিআইজি মিলি বিশ্বাস।

নরসিংদী ছাড়াও রাজবাড়ীতে পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন নারী কর্মকর্তা তাপতুন নাসরিন।  আমেনা এর আগে রাঙ্গামাটিতে পুলিশ সুপারের দায়িত্ব পালন করে এসেছেন।

Image
ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত নারী পুলিশ সদস্যরা

ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত নারী পুলিশ সদস্যরা

Image
বৃহস্পতিবার হরতাল চলাকালে পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ।

বৃহস্পতিবার হরতাল চলাকালে পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ।

পুলিশের বিশেষ শাখা (এসবি) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মতো স্পর্শকাতর স্থানেও ডিআইজিসহ বিভিন্ন পদে অনেক নারী কর্মকর্তা কাজ করছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উচ্চ পদে কর্মরত আছেন বেশ কয়েকজন নারী।

পেশাগত দক্ষতা ও সফলতার স্বীকৃতিও নিয়মিতভাবে পাচ্ছেন এসব নারী কর্মকর্তা। পাচ্ছেন পুলিশের জাতীয় পর্যায়ের পদক। এ বছরও ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ (পিপিএম) পেয়েছেন তিনজন নারী। 

এ বছর রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আবিদা সুলতানা। দুই বছর ধরে এই পদে কর্মরত আছেন তিনি।

চৌকস এই নারী পুলিশ কর্মকর্তা বলেন, “আগে পুলিশে নারীদের ডেস্ক জবে নিযুক্ত করা হত। কিন্তু এখন দক্ষতা ও যোগ্যতার প্রমাণ দিয়ে মাঠপর্যায়ের প্রায় সবস্তরেই নারী কর্মকর্তা নিয়োজিত আছেন। পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান পদেও নারী কর্মকর্তা নিয়মিতভাবেই নিয়োগ পাচ্ছেন।”

ঢাকার ট্রাফিক বিভাগসহ বিভিন্ন পদে কাজের অভিজ্ঞতাসম্পন্ন জ্যেষ্ঠ সহকারী কমিশনার আসমা বেগম রিটার বিসিএস পরীক্ষায় প্রথম পছন্দ ছিল পুলিশ ক্যাডার।

তিনি বলেন, “আমার পুলিশ বাহিনীতে যোগ দেয়ার উদ্দেশ্য ছিল, সমাজের সার্বিক অংশের সঙ্গে নারীদেরও সেবা করা।”

Image
বৃহস্পতিবার হরতাল চলাকালে পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ।

বৃহস্পতিবার হরতাল চলাকালে পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ।

স্বাধীনতার পর ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে নারীর পদযাত্রা শুরু। ওই সময় এসবিতে সাতজন নারী উপ-পরিদর্শক ও সাতজন কনস্টেবল নিয়োগ দেওয়া হয়।

এর প্রায় এক যুগ পর ১৯৮৬ সালে বিসিএসের মাধ্যমে পুলিশ বাহিনীতে প্রথম একজন নারীকে প্রথম শ্রেণির কর্মকর্তা নিয়োগ করা হয়, যে ধারাটি এখন আরো গতিশীল হয়েছে।

তবে শুরুর পথ এখনকার মতো মসৃন ছিল না। মূলত পুলিশের মতো চ্যালেঞ্জিং ও ‘কঠোর’ পেশায় নারীর অংশগ্রহণের সক্ষমতা নিয়ে পারিবার-সামাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং নীতিনির্ধারক মহলে এ পেশায় নারীর নিযুক্তির ব্যাপারে উপেক্ষার মনোভাবই এজন্য দায়ী ছিল।

Image
২০১৩ সালে বাংলাদেশ নারী পুলিশ নেটওয়ার্কের প্রথম সম্মেলন

২০১৩ সালে বাংলাদেশ নারী পুলিশ নেটওয়ার্কের প্রথম সম্মেলন

১৯৯৬ সালের আগ পর্যন্ত দীর্ঘসময় পুলিশে নারী কর্মকর্তা নিয়োগে যে শূন্যতা সৃষ্টি হয়, তা পূরণ হতে আরও কয়েক বছর লাগবে বলে মনে করেন এসপি আমেনা বেগম।

আসমা বেগম বলেন, “কিছুদিন আগেও পুলিশের পোশাকে নারী দেখলে সাধারণ মানুষ কৌতুহলের চোখে দেখত। নারী শারীরিকভাবে শক্তিশালী নয়, অফিস ও সংসার সামলে তারা এ পেশায় সফল হবে না- এমন মনোভাবের কারণে আগে দায়িত্বশীল পদে নারীর পদায়নেও অনীহা দেখা যেত।”

তবে বর্তমানে বাংলাদেশ পুলিশে নারী কর্মকর্তাদের মূল্যায়ন ও ক্ষমতায়নের যে ধারা, তাতে ‘সন্তুষ্ট’ এই কর্মকর্তা মনে করেন, পুলিশের মতো দায়িত্বশীল পেশায় এখন অনেক মেয়েই কাজ করতে আগ্রহী।

জ্যেষ্ঠ সহকারী কমিশনার রহিমা আক্তার লাকী মহানগর ট্রাফিক পুলিশের উত্তর বিভাগের গুলশান জোনের প্রধান হিসাবে কাজের অভিজ্ঞতা জানালেন।

“এমনও হয়েছে রাত ১০টার দিকে রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করার সময় অনেক নারী গাড়ি থেকে নেমে আমাকে অভিনন্দন জানিয়েছেন। অনেকে বলেছেন, আমার উপস্থিতি ও ভূমিকার জন্য তারা অনেক স্বস্তিতে চলাফেরা করতে পারছেন এবং নিজেদের অনেক বেশি নিরাপদ ভাবছেন,” বলেন তিনি।

Image
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নারী পুলিশ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নারী পুলিশ

দিন দিন পরিস্থিতি আরও বেশি নারীবান্ধব হচ্ছে মন্তব্য করে এসপি আমেনা বেগম বলেন, “বর্তমানে পরিস্থিতি অনেক বেটার।জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দেশের ভাবমূর্তি আর্ন্তজাতিক পরিমণ্ডলে বাড়িয়ে চলছেন নারী কর্মকর্তারা। পুলিশের নারী কন্টিনজেন্ট রয়েছে হাইতি ও কঙ্গোতে। সুদানেও কাজ করছে নারী পুলিশ সদস্যরা।”

পুলিশের শীর্ষ পদেও অচিরেই কোনো এক নারী কর্মকর্তাকে দেখা যাবে বলে আশা প্রকাশ করেন নারী কর্মকর্তারা।