রাজবাড়ীতে ১৫ দোকান পুড়ে ছাই
রাজবাড়ীর দুই উপজেলায় একটি বাজার ও লঞ্চঘাটে আগুন লেগে ১৫টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
রোববার ভোরের দিকে প্রায় একই সময়ে বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে এবং দৌলতদিয়া লঞ্চঘাটের কাছে এ দুটি অগ্নিকাণ্ড ঘটে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফজলুল হক মণ্ডল জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয় বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন।
খবর পেয়ে রাজবাড়ী ও পাংশা ফায়ার সার্ভিসের দল গিয়ে আগুন নেভায়।
স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে বহরপুর বাজারে আগুন লেগে সাইফুজ্জামান চুন্নু, আতিয়ার রহমানের ব্যবসা প্রতিষ্ঠান, লাইব্রেরি, সারের দোকান, মুদিখানাসহ ১০টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আর দৌলতদিয়া লঞ্চ ঘাটের কাছে আগুন লাগে সাড়ে ৪টার দিকে। এতে গাজী স্টোর, কামাল স্টোর, শফিকুল বোর্ডিং ও নিজাম স্টোরসহ পাঁচটি দোকান পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে স্টেশন অফিসার ফজলুল হক জানান।
আগুনে মালামাল ও দোকান পুড়ে ২৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।
