২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকলে সহযোগিতা না করায় শিক্ষককে মারধর

বরগুনার আমতলীতে এসএসসি পরীক্ষায় নকল করার সুযোগ না দেওয়ায় এক শিক্ষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2015, 09:30 PM

Updated : 22 Aug 2022, 11:51 AM

শনিবার দুপুরে আমতলীর এম ইউ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কেন্দ্র সচিব মো. নাসির উদ্দিন।

মারধরের শিকার শাহাদৎ হোসেন স্থানীয় বুড়িরচর এএমজি মাধ্যমিক বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিষয়ের শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শনিবার তিনি পরীক্ষা কেন্দ্রের ৬ নম্বর কক্ষে দায়িত্ব পালন করছিলেন। পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর স্থানীয় শাহীন ও ইসরাত জাহান ইভা নামে দুই পরীক্ষার্থীর অভিভাবক রুবেল এসে নকল সরবরাহের জন্য প্রশ্নপত্র কেন্দ্রের বাইরে নিয়ে যেতে চায়।

এ সময় প্রশ্নপত্র বাইরে নিতে বাধা দিলে ওই অভিভাবক তাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং পরীক্ষার পর দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।

পরীক্ষা শেষে উত্তরপত্র গুছানোর সময় পেছন থেকে এসে রুবেল তাকে মারধর করে চলে যায় বলে অভিযোগ করেন তিনি।

তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে কেন্দ্র সচিব নাসির উদ্দিন জানান।

আমতলী উপজেলার ইউএনও মো. মিজানুর রহমান বলেন, পরীক্ষার হলে শিক্ষককে মারধরের অভিযোগ পেয়েছি।

এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।