২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ২৪০ লিটার ফরমালিন উদ্ধার, গ্রেপ্তার ৩

সাতক্ষীরা শহরে থেকে ২৪০ লিটার ফরমালিনসহ তিন বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2015, 03:46 PM

Updated : 22 Aug 2022, 11:51 AM

সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, শনিবার সকালে শহরের সোনারগাঁও হ্যাচারি থেকে ফরমালিনসহ তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার তোজাম্মেল মৃধার ছেলে ইবলু মৃধা (৪৫), ঢাকার মোহাম্মদপুর এলাকার আতাউল হকের ছেলে নাঈম সরদার (২৯) এবং বরগুনার পাথরঘাটা উপজেলার আজিজ জোয়ার্দ্দারের ছেলে গোলাম ফারুক।

ওসি এমদাদুল বলেন, সকালে সোনারগাঁও হ্যাচারিতে কয়েকজন বিক্রেতা ফরমালিন নিয়ে বিক্রির জন্য অপেক্ষা করছে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ২৪০ লিটার ফরমালিনসহ তাদের আটক করা হয়।

 “আটক তিনজন সারাদেশে ফরমালিন সরবরাহকারী চক্রের সঙ্গে জড়িত। কক্সবাজার থেকে বাগদা চিংড়ির রেনুপোনার আড়ালে ফরমালিন এনে তারা সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে।”

তিনি আরো বলেন, “সাতক্ষীরার বড়বাজার, মিলবাজার, বউবাজারসহ বিভিন্ন হাটবাজারের সবজি ও মাছ বিক্রেতারা এই ফরমালিন মিশিয়ে তাদের পণ্য টাটকা রেখে বিক্রি করে।”

এ ঘটনায় সাতক্ষীরা থানার এসআই হেদায়েত হোসেন বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন বলে জানান পুলিশ কর্মকর্তা এমদাদুল।