নারায়ণগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
নারায়ণগঞ্জ শহরে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার স্বামীর বিরুদ্ধে।
নিহত সুমি আক্তার সদর উপজেলার ফতুল্লার লাল খাঁ এলাকার মামুন মিয়ার স্ত্রী।
ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, শনিবার সকালে শহরের জামতলা এলাকায় সুমিদের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
ঘটনার পর থেকে নিহতের স্বামী মামুনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
দুই বছর আগে মালয়েশিয়া প্রবাসী মামুনের সঙ্গে সুমির বিয়ে হয়। বিয়ের পর মামুন সুমিকে নিয়ে ফতুল্লার লাল খাঁ এলাকায় বসবাস শুরু করে। গত বছরের অক্টোবর মাসে মামুন দেশে ফেরত আসেন।
নিহত সুমির মা রিজিয়া বেগম বলেন, সুমি আর মামুনের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হত। শুক্রবার সুমি ও মামুন তাদের বাড়িতে বেড়াতে আসেন। রাতে তারা ঘুমানোর পর সকালে বাইরে থেকে দরজা লাগানো দেখে বাসার লোকজন সুমিকে ডাকতে থাকেন। কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে তারা ঘরে গিয়ে সুমির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় মামুনকে কোথাও পাওয়া যায়নি।
পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায় বলে জানান তিনি।
ফতুল্লার ওসি আসাদুজ্জামান বলেন, “পারিবারিক কলহের কারণে রাতের কোনো সময় সুমিকে শ্বাসরোধে হত্যার পর মামুন পালিয়ে যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
পুলিশ মামুনকে গ্রেপ্তারে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
