যশোরে আগুনে পুড়ল ১৮ দোকান
যশোর শহরে মধ্যরাতে একটি পোশাকের মার্কেটে আগুন লেগে ১৮টি দোকান পুড়ে গেছে।
শুক্রবার রাত পৌনে ১টার দিকে শহরের কালেক্টরেট মসজিদ মার্কেটে এ অগ্নিকাণ্ড হয় বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা খন্দকার সানাউল্লাহ জানান।
তিনি বলেন, খবর পেয়ে যশোর, ঝিকরগাছা ও মণিরামপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ওই মার্কেটের ব্যবসায়ী সমিতির নেতা ইসমাইল হোসেন জানান, দুই নৈশ প্রহরী রাতে ফোনে তাকে মার্কেটের দুই নম্বর গলির ‘চৈতী গার্মেন্টসে’ আগুন লাগার কথা জানায়। তিনি পৌঁছানোর আগেই ১৮টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি বলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন।
তবে ব্যবসায়ী নেতা ইসমাইল বলছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তাদের ধারণা। আগুনে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
