অভিজিৎ হত্যার প্রতিবাদ যুক্তরাষ্ট্রে
জর্জিয়ার আটলান্টার প্রবাসী লেখক অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের প্রতিবাদ উঠেছে নিউ ইয়র্কসহ গোটা যুক্তরাষ্ট্রে।
২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ও ২৭ ফেব্রুয়ারি শুক্রবার নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, আটলান্টা, মায়ামি, বস্টনসহ বিভিন্ন স্থানে মানববন্ধন এবং বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এই হত্যাকাণ্ডে জড়িতরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভও জানিয়েছেন তারা।
‘মুক্তমনা’ ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎকে গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একুশের বইমেলা উপলক্ষে দেশে ফিরেছিলেন তিনি।
অভিজিৎ হত্যাকাণ্ডে জঙ্গিদের সন্দেহ করা হচ্ছে। লেখালেখিকে কেন্দ্র করে জঙ্গি গোষ্ঠী তাকে হুমকি দিয়ে আসছিল। যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে অভিজিৎ হত্যাকাণ্ডের তদন্তে সহায়তার আগ্রহ জানিয়েছে ওয়াশিংটন।
হত্যাকাণ্ডের প্রতিবাদে নিউ ইয়র্কে বৃহস্পতিবার ও শুক্রবার দুটি সমাবেশ হয়েছে। কুইন্সের জ্যামাইকায় এবং জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে অনুষ্ঠিত এই দুই সমাবেশে লেখক, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পী, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মীরা অংশ নেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদ এবং বঙ্গমাতা পরিষদের সহায়তায় জ্যামাইকার সমাবেশের আয়োজন করে পেশাজীবী সমন্বয় পরিষদের যুক্তরাষ্ট্র শাখা। এতে সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের সভাপতি আশরাফুজ্জামান এবং পরিচালনা করেন স্বীকৃতি বড়ুয়া।
এই সমাবেশে বক্তব্য রখেন একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব জামালউদ্দিন হোসেন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক এম এ বাতেন, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের সভানেত্রী মোর্শেদা জামান, বঙ্গমাতা পরিষদের সভাপতি শরাফ সরকার, অভিনেত্রী রওশন আরা হোসেন, আওয়ামী লীগ নেতা সিরাজউদ্দিন সোহাগ, শফিকুল ইসলাম প্রমুখ।
জ্যাকসন হাইটসে প্রতিবাদী সমাবেশের সঞ্চালক ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মিথুন আহমেদ।
সমাবেশে প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ বলেন, “আমাদের আর আপসের রাজনীতি করলে চলবে না। আমাদের স্পষ্টভাবে অঙ্গীকার করতে হবে এই বর্বরদের সঙ্গে আমাদের কোনো রাজনীতি নয়, বর্বরদের সঙ্গে সখ্য নয় এবং তাদের বয়কট করতে হবে।”
সমাবেশে অভিনেত্রী লুৎফুন নাহার লতা, চলচ্চিত্র নির্মাতা কবীর আনোয়ার, সাংবাদিক শরীফ সাহাব উদ্দিন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরী, সাংবাদিক মুজাহিদ আনসারী, আকবর হায়দার কিরণ, সমাজকর্মী মিনহাজ আহম্মেদ, সাংস্কৃতিক কর্মী গোপাল স্যানাল, তানভীর রাব্বানী, যুবনেতা শিবলী সাদেক, টি মোল্লা, কায়কোবাদ খান, মুজাহিদ আনসারী, নূরুজ্জামান সরদার, সুবল দেবনাথ, দুরুদ মিয়া রণেল, শাকিল মিয়া বক্তব্য রাখেন।
