২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে নিহতের বাবা-মার বিরুদ্ধে পুলিশের মামলা

দিনাজপুরে পুলিশের অভিযানের সময় হতাহতের ঘটনায় নিহত যুবকের বাবা ও মায়ের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2015, 03:49 PM

Updated : 22 Aug 2022, 11:48 AM

চিরির বন্দরে শুক্রবার কৃষক দলের নেতা হাবিবুর রহমানকে আটক করতে গেলে তার পরিবার ও সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে।

হামলা ঠেকাতে ‘আত্মরক্ষার্থে’ গুলি চালানো হলে হাবিবের ছেলে রেজোয়ান হক (২২) গুলিতে প্রাণ হারান বলে পুলিশের দাবি। অন্যদিকে রেজোয়ানের স্বজনদের দাবি, তাকে ধরে গুলি করা হয়।

চিরির বন্দর থানার ওসি আনিসুর রহমান জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬০/৭০ জনকে আসামি করে সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়েছে। এর বাদী হয়েছেন থানার এসআই আতিয়ার হোসেন।

হায়দার ও তার স্ত্রী আম্বিয়া খাতুনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ হেফাজতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

রেজোয়ানের লাশ শুক্রবার গভীর রাতে মর্গে আনা হয়।  ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে তুলে দেওয়া হবে বলে ওসি জানান।

বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের নেতা হাবিব হরতাল-অবরোধে নাশকতার একটি মামলার আসামি। ওই মামলায় শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার করতে গেলে বাধার মুখে পড়ে পুলিশ।

তখন আসামি পক্ষের হামলায় পাঁচ পুলিশ সদস্যও আহত হন। তারা হলেন-  এসআই নজরুল ইসলাম, তিন এএসআই মোস্তাফিজুর রহমান, রবিউল ইসলাম, হাবিবুল্লাহ ও কনস্টেবল জাহাঙ্গীর।