ঢাবিতে মান্নার কুশপুতুলে আগুন, বিক্ষোভ
সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে গ্রেপ্তার হওয়া নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বিচার চেয়ে তার কুশপুতুল পুড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
বুধবার বিকেলে সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর সামনে এক সমাবেশে এই কুশপুত্তলিকা পোড়ানো হয়।
সদ্য ফাঁস হওয়া টেলিফোন কথোপকথনে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার সঙ্গে আলাপচারিতায় সরকারবিরোধী আন্দোলন জোরদারে বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলা নিয়ে মান্নাকে কথা বলতে শোনা যায়।
ওই বক্তব্যের প্রতিবাদে ডাকসুর এই সাবেক ভিপির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও কুশপুতুল দাহ করে শিক্ষার্থীরা।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার ডাকসুর সামনে শেষ হয়। মিছিলে অংশ নেন বিশ্ববিদ্যালয় বিভিন্ন হলের তিন শতাধিক শিক্ষার্থী।
সমাবেশে নৃবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাজহারুল কবির শয়ন বলেন, এই মান্না একজন বহুরূপী। রাজনীতি করার জন্যই তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন।
“তৎকালীন সামরিক সরকারের আনুকূল্যে তিনি গণিত বিভাগে ভর্তি হলেও একটি দিনও ক্লাস করেননি, পরীক্ষাও দেননি।
সুবিধা ভোগ করার জন্য মান্না বিভিন্ন সময় বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।”
আইন বিভাগের শিক্ষার্থী হুসাইন সাদ্দাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাশ ফেলে সরকার উৎখাত করে সেনা অভ্যুত্থান ঘটাতে চান মান্না।
তিনি বলেন, “মান্না আপনি মনে রাখবেন, সেনা ছাউনির চেয়েও দেশের ছাত্র সমাজের ছাউনি অনেক বড় এবং শক্তিশালী।”
