২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজউকে গিয়ে অভিযোগ শুনবেন মন্ত্রী

প্রতি মাসের শেষ বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) গিয়ে এই প্রতিষ্ঠানে সেবাগ্রহীতাদের অভিযোগ শুনবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2015, 04:18 PM

Updated : 22 Aug 2022, 11:47 AM

বুধবার রাজউক ভবনে পরিদর্শন করে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পূর্তমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান।

কোনো কারণে নির্ধারিত দিন তিনি উপস্থিত না থাকতে পারলে মন্ত্রণালয়ের সচিব সেবাগ্রহীতাদের অভিযোগ শুনবেন বলেও জানান মোশাররফ।

রাজউকে এসে জনগণ হয়রানির শিকার হচ্ছেন- এমন অভিযোগ রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “জনগণ কী কী বিষয়ে এবং কোন ধরনের হয়রানির শিকার হয়, তা জানতেই পরিদর্শনে এসেছি।”

রাজউকের কার্যক্রম ডিজিটালাইজ করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, জনগণ যেন রাজউকের ওয়েবসাইট থেকে কাজের অগ্রগতি সম্পর্কে জানতে পারে সে ব্যবস্থা চালু করা হচ্ছে।

রাজউক থেকে বাড়ি নির্মাণের নশকা অনুমোদন, নির্মাণাধীন প্রকল্প পরিদর্শন, নিষ্পত্তিকৃত বিষয় ওয়েবসাইটে দেওয়া, বার্ষিক কর্মসূচির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সে অনুযায়ী কাজ করাসহ বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের নির্দেশনা পূর্তমন্ত্রী।

পরিদর্শনের সময় মন্ত্রী এবং সচিব রাজউকে আসা দুই জন সেবাগ্রহীতার অভিযোগ শুনে তা শিগগিরই নিষ্পত্তি করতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানকে নির্দেশনা দেন।

পূর্তসচিব মোহম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ্, রাজউক চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীনসহ মন্ত্রণালয় ও রাজউকের কর্মকতারা এসময় উপস্থিত ছিলেন।